Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জামায়াতের ছায়া বাজেটের প্রশংসা করলেন ব্রিটিশ হাইকমিশনার

সিনিয়র করেসপন্ডেন্ট
১০ জুন ২০২৬ ১৮:১৯ | আপডেট: ১০ জুন ২০২৬ ২৩:০৫

ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বৈঠক করছেন জামায়াতের আমির।

ঢাকা: ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক জামায়াতে ইসলামীর ছায়া সরকার ও ছায়া বাজেট উদ্যোগের উচ্চ প্রশংসা করেছেন।

বুধবার (১০জুন) বিকেলে, জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা মো. শফিকুর রহমানের সঙ্গে তার সংসদ ভবন কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাৎকালে তিনি এই প্রশংসা করেন।

বৈঠকে তারা বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয় নিয়ে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা করেন। এই সময় ব্রিটিশ হাইকমিশনের রাজনৈতিক কাউন্সেলর টিমোথি ডাকেট ও দ্বিতীয় সচিব কেটি ওয়ার্ড উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে মূলত নির্বাচন-পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি, আসন্ন জাতীয় বাজেট, দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের সম্ভাবনা এবং অভিবাসন প্রক্রিয়ার মতো গুরুত্বপূর্ণ দিকগুলো উঠে আসে।

বিজ্ঞাপন

বৈঠকে বাংলাদেশের উন্নয়নে যুক্তরাজ্যের অবদানের কথা স্মরণ করে শফিকুর রহমান বলেন, ‘এ দেশে সংসদীয় গণতন্ত্রকে আরও শক্তিশালী করতে এবং সংসদ সদস্যদের সক্ষমতা বৃদ্ধি ও প্রশিক্ষণ কার্যক্রমে যুক্তরাজ্যের ভূমিকা প্রশংসনীয়।’

অপরদিকে ব্রিটিশ হাইকমিশনার জামায়াতে ইসলামীর ছায়া সরকার ও ছায়া বাজেট প্রণয়নের মতো গঠনমূলক উদ্যোগের প্রশংসা করে বলেন, ‘দুই দেশের পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করা প্রয়োজন।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ আগামীতে আরও সম্প্রসারিত ও গতিশীল হবে। বৈঠকে বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এবং দলের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা টিমের সদস্য আলী আহমেদ মাবরুর অংশ নেন।’

 

সারাবাংলা/এফএন/ এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর