Wednesday 01 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্থানীয় নির্বাচনের আগে মহড়া ও বিশেষ পরিকল্পনার প্রস্তুতি নিচ্ছে ইসি

‎‎সিনিয়র করেসপন্ডেন্ট
২১ জুন ২০২৬ ২৩:০৮ | আপডেট: ২২ জুন ২০২৬ ০০:৪২

ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

ঢাকা: ‎স্থানীয় সরকার নির্বাচনকে ত্রুটিমুক্ত, সুন্দর ও অর্থবহ করতে নানামুখী প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর অংশ হিসেবে ভোটের আগে মক ভোটিং ও বিশেষ রিহার্সালের পরিকল্পনা করা হচ্ছে।

‎রোববার (২১ জুন) নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।

‎তিনি বলেন, নির্বাচনকে আরও নিখুঁত করতে এবার আমরা কিছু মক রিহার্সাল ও মক ভোটিংয়ের আয়োজন করব। এর পরপরই আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান ও বিন্যাস নিয়ে একটি সুনির্দিষ্ট ডেপ্লয়মেন্ট প্ল্যান বা মোতায়েন পরিকল্পনা করা হবে, যা দেখে পরবর্তী সময়ে বাজেট নির্ধারণ করা হবে।

‎ইসি সচিব উল্লেখ করেন, একটি সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় সব উপাদান যেমন, ভোটার তালিকা, ভোটকেন্দ্র ও নির্বাচনি সামগ্রী কমিশনের কাছে প্রস্তুত রয়েছে। নির্বাচনের তফসিল ঘোষণার পর শিডিউল অনুযায়ী ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণের কাজ শুরু হবে। প্রথম ধাপে কিছু মাস্টার ট্রেনার তৈরি করা হবে, যারা পরবর্তীতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের প্রশিক্ষণ দেবেন।

‎জানান, ইতিমধ্যে কিছু কাজ গুছিয়ে নেওয়া হয়েছে এবং বাকি কাজগুলো সময়ের সঙ্গে সঙ্গে সম্পন্ন হবে।

‎এ সময় স্থানীয় সরকার নির্বাচনের বিধিমালা প্রসঙ্গে আখতার আহমেদ জানান, আচরণ বিধিমালা সংশোধনের কাজ চলমান রয়েছে এবং কিছু জায়গা থেকে মতামতও পাওয়া গেছে। এগুলো নিয়ে একটি তুলনামূলক কার্যপত্র তৈরি করে নিজেরা বসার পর কমিশন এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। এর পাশাপাশি নির্বাচন পরিচালনা বিধিমালা নিয়েও কাজ চলছে।

‎সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কর্মপরিকল্পনা বা অ্যাকশন প্ল্যান তৈরি করতে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না, কারণ কাজের তালিকা আগে থেকেই নির্ধারিত থাকে। নির্বাচনের তারিখ চূড়ান্ত হওয়ামাত্রই সেই অনুযায়ী একটি পূর্ণাঙ্গ রোডম্যাপ তৈরি করা হবে।

বিজ্ঞাপন
‎‎সারাবাংলা/এনএল/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর