Wednesday 01 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘১৮০ দিনের কর্মপরিকল্পনায় বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করছে সরকার’

সিনিয়র করেসপন্ডেন্ট
২৫ জুন ২০২৬ ১৪:৩৯ | আপডেট: ২৫ জুন ২০২৬ ১৬:০৩

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও উপদেষ্টা মাহ্‌দী আমিন

ঢাকা: প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও উপদেষ্টা মাহ্‌দী আমিন জানিয়েছেন, ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনায় বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করছে সরকার।

বৃহস্পতিবার (২৫ জুন) চীনের বেইজিংয়ে স্থানীয় সময় দুপুরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, ‘বিনিয়োগ আকৃষ্ট করতে সরকার এখন ১৮০ দিনের একটি বিশেষ কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে এবং ১৫ দিনের কম সময়ের মধ্যে নতুন লাইসেন্স প্রদানের ব্যবস্থা করা হয়েছে।’

প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমানে তার প্রথম রাষ্ট্রীয় সফরে চীনে অবস্থান করছেন। সফরের অংশ হিসেবে আজ সকালে বেইজিংয়ে ‘ইনভেস্ট বাংলাদেশ’ শীর্ষক একটি অনুষ্ঠানে চীনের ৮০টি শীর্ষ ব্যবসাপ্রতিষ্ঠানের কর্মকর্তার সাথে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী।

বিজ্ঞাপন

মাহ্‌দী আমিন বলেন, ‘প্রধানমন্ত্রী চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন।’

তিনি আরও বলেন, ‘অর্থনৈতিক ও প্রশাসনিক সংস্কারের মাধ্যমে বাংলাদেশ উৎপাদন ও শিল্প খাতের নতুন গন্তব্য হিসেবে একটি নির্ভরযোগ্য ও লাভজনক অংশীদার হতে পারে।’

প্রেস ব্রিফিংয়ে মুখপাত্র জানান, আজ বিকেল ৫টায় চীনের গ্রেট হলে প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, ‘দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ ও চীনের মধ্যে বিভিন্ন বিষয়ে ১৫টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে। এছাড়া আগামীকাল সকালে চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।’

মাহ্‌দী আমিন জানান, আজ সকালে চীনের পানি সম্পদ মন্ত্রী লি গুয়োয়িংয়ের সাথেও প্রধানমন্ত্রীর বৈঠক হয়েছে।

তিনি আরও বলেন, ‘বৈঠকে তিস্তা মহাপরিকল্পনা, বন্যা ঝুঁকি মোকাবিলা ও নদী ব্যবস্থাপনায় দুই দেশের সহযোগিতা বাড়ানোর বিষয়ে ঐকমত্য হয়েছে। একই সাথে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইক্সিংয়ের সাথে অনুষ্ঠিত পার্টি-টু-পার্টি বৈঠকে দুই দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পৃক্ততা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে।’

এই সফরে প্রধানমন্ত্রীর নেতৃত্বে ‘সবার আগে বাংলাদেশ’ নীতিকে মাথায় রেখে চীনের সাথে সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর