Saturday 15 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মামলা করতে বাধা না থাকায় ধর্ষণের পরিসংখ্যান বেশি দেখাচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
৩০ জুন ২০২৬ ১৭:৩৪ | আপডেট: ৩০ জুন ২০২৬ ১৯:০৯

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত

ঢাকা: বিগত ১০-১৫ বছরের তুলনায় দেশে খুন, ডাকাতিসহ সার্বিক অপরাধ কমলেও মামলা করতে কোনো সামাজিক বা রাজনৈতিক বাধা না থাকায় এখন ধর্ষণের পরিসংখ্যান বেশি দেখাচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার (৩০ জুন) ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে জাতীয় সংসদের অধিবেশনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বাজেট বরাদ্দ এবং এর ওপর আনা ছাঁটাই প্রস্তাবের আলোচনায় তিনি এসব কথা বলেন।

অধিবেশনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য ৩১ হাজার ৯৮ কোটি ৮৮ লাখ ১৫ হাজার টাকা মঞ্জুরির দাবি পেশ করা হলে বিরোধী দলীয় সংসদ সদস্যরা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা করে ছাঁটাই প্রস্তাব দেন। ছাঁটাই প্রস্তাবের আলোচনায় ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা সংবাদমাধ্যমের পরিসংখ্যান তুলে ধরে বলেন, গত মার্চ ও এপ্রিলে সারা দেশে ৬০৫টি খুন, ২৯৪টি ছিনতাই, ৯০টি ডাকাতি, ১৯৬টি অপহরণ এবং ৩ হাজার ৪৯৬টি নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে। অন্যদিকে সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল খালেক দেশে মাদকের ভয়াবহতা তুলে ধরে গ্রাম পুলিশ নিয়োগের মাধ্যমে মাদক ও দুর্নীতি নিয়ন্ত্রণের পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

বিজ্ঞাপন

সংসদ সদস্যদের এসব সমালোচনার জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, গত ১০-১৫ বছরের তুলনায় খুন, নারী ও শিশু নির্যাতন এবং ডাকাতির পরিসংখ্যানে আমরা ঐতিহাসিকভাবে উন্নত অবস্থানে আছি। আগে সামাজিক বা রাজনৈতিক হস্তক্ষেপের কারণে ধর্ষণের শিকার ব্যক্তিরা থানায় যেতে পারতেন না, কিন্তু এখন থানায় গেলেই কিংবা অনলাইনে অভিযোগ দায়ের করতে পারেন এবং কোনো হস্তক্ষেপ না থাকায় রেকর্ডের সংখ্যা কিছুটা বেড়েছে।

গ্রাম পুলিশের মাধ্যমে মাদক নিয়ন্ত্রণের প্রস্তাবকে স্বাগত জানিয়ে তিনি বলেন, জনগণের প্রত্যক্ষ সহযোগিতা ও সামাজিক সচেতনতা ছাড়া কোনো দেশেই আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন সম্ভব নয়। মন্ত্রণালয়ের বাজেট প্রসঙ্গে তিনি বলেন, গত বছরের তুলনায় এবার ৫০০ থেকে ৭০০ কোটি টাকা বেড়েছে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও জুয়া প্রতিরোধ আইনের মতো বিষয়গুলো পাস হওয়ার পর প্রকল্প অনুযায়ী আরও বরাদ্দ চাওয়া হবে।

সারাবাংলা/এফএন/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর