Wednesday 01 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জুলাইয়ের সেই বিতর্কিত শার্টেই মাঠে ফিরল পুলিশ

মেহেদী হাসান, স্টাফ করেসপন্ডেন্ট
১ জুলাই ২০২৬ ১৭:১৮ | আপডেট: ১ জুলাই ২০২৬ ১৭:৪০

জুলাই অভ্যুত্থানের আগের শার্টে পুলিশ।

ঢাকা: গত বছরের জুলাই অভ্যুত্থানের আগে ব্যবহৃত শার্ট পরেই আবার মাঠপর্যায়ে দায়িত্ব পালন শুরু করেছেন পুলিশ সদস্যরা। বুধবার (১ জুলাই) রাজধানীসহ বিভিন্ন স্থানে তাদের গাঢ় নীল বা হালকা জলপাই রঙের শার্ট এবং খাকি রঙের ফুল প্যান্ট পরিহিত অবস্থায় দেখা গেছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনার পাশাপাশি নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।

২০২৪ সালের ৫ আগস্টের পর পুলিশ বাহিনীকে ঢেলে সাজাতে এবং জনআস্থা ফেরানোর অংশ হিসেবে তাদের পোশাক পরিবর্তনের দাবি ওঠে। পরে গত বছরের ২৫ নভেম্বর নতুন পোশাকে দায়িত্ব পালন শুরু করেন পুলিশ সদস্যরা। তবে কয়েক মাসের ব্যবধানে আবারও ইউনিফর্মে আনা হলো পরিবর্তন।

বিজ্ঞাপন

বুধবার রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে আইন-শৃঙ্খলা ব্যবস্থা জোরদারে ‘বরকাউ পুলিশ ক্যাম্প’ উদ্বোধন করেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। অনুষ্ঠানে তাকে গাঢ় নীল শার্ট ও খাকি প্যান্টে এবং ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদসহ অন্য কর্মকর্তাদের হালকা জলপাই রঙের শার্ট ও খাকি প্যান্টে দেখা যায়।

সরেজমিনে দেখা যায়, জুলাই অভ্যুত্থানের আগে পুলিশ যে গাঢ় নীল ও হালকা জলপাই রঙের শার্ট পরে দায়িত্ব পালন করত, সেই শার্টই আবার ব্যবহার করা হচ্ছে। তবে আগের প্যান্টের পরিবর্তে দেওয়া হয়েছে খাকি রঙের ফুল প্যান্ট।

এদিকে, পুলিশের এই পোশাকের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। অনেকের মতে, পুরোনো এই পোশাক সাধারণ মানুষের কাছে একটি নির্দিষ্ট আমলের নিপীড়ন ও নেতিবাচক স্মৃতির প্রতীক। সংস্কার প্রক্রিয়ার মাঝপথে আগের পোশাকে ফিরে যাওয়াকে অনেকে ‘সংস্কারের পিছুটান’ হিসেবে দেখছেন। তাদের আশঙ্কা, পোশাকের সঙ্গে সঙ্গে পুলিশের আচরণগত সংস্কারের গতিও মন্থর হয়ে যেতে পারে।

এ বিষয়ে ডিএমপির (মিডিয়া বিভাগ) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ সারাবাংলাকে বলেন, ‘আজ থেকে নতুন পোশাক পরছে পুলিশ সদস্যরা। সবার হাতে এখনও নতুন পোশাক পৌঁছেনি। পর্যায়ক্রমে সবাই পাবেন। যারা পেয়েছেন তারা নতুন ইউনিফর্মে দায়িত্ব পালন করছেন।’

পুরোনো সেই শার্টে পুলিশের মনোবল চাঙ্গা হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘সবাই আশা করছে, পুলিশের এই পোশাকে এই বাহিনীর সদস্যদের মনোবল ফিরে আসবে এবং চাঙ্গা হবে।’

আইন-শৃঙ্খলা ও সমাজবিজ্ঞানীদের মতে, জনগণের ক্ষোভ বা ভালোবাসা শুধু পোশাকের রংয়ের ওপর নির্ভর করে না। বাহিনী যদি নিরপেক্ষভাবে আইন প্রয়োগ করে এবং মানবাধিকার রক্ষা করে চলে, তবে যেকোনো পোশাকেই তারা জনগণের আস্থা অর্জন করতে পারবে।

এর আগে, গত ১৮ জুন পুলিশের ইউনিফর্মের রং পরিবর্তন করে প্রজ্ঞাপন জারি করে পুলিশ সদর দফতর। প্রজ্ঞাপনে শার্ট, প্যান্ট, জার্সি, কার্ডিগান, পুলওভার, জ্যাকেট, নারীদের পোশাক, মাথার আবরণ এবং পূর্ণহাতা পোশাকের রং-সংক্রান্ত বিধানে পরিবর্তন আনা হয়।

সারাবাংলা/এমএইচ/এআর