Wednesday 22 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পাসপোর্টে ফিরছে ‘ইসরায়েল ব্যতীত’, জলছাপে আসছে জুলাই শহিদদের ছবি

সিনিয়র করেসপন্ডেন্ট
২০ জুলাই ২০২৬ ০৯:৫৭ | আপডেট: ২০ জুলাই ২০২৬ ১৩:০৩

ঢাকা: ছয় বছর আগে বাদ হওয়া ‘ইসরায়েল ব্যতীত’ (Except Israel) শব্দবন্ধ আবারও যুক্ত করা হয়েছে বাংলাদেশি পাসপোর্টে। ই-পাসপোর্টের নতুন জলছাপে ছবি–সংবলিত জুলাই গণ-অভ্যুত্থান ২০২৪ এ শহিদদের যুক্ত করা হয়েছে। এ ছাড়া সব ধর্মের প্রতীক যুক্ত করা হয়েছে ই–পাসপোর্টে।

রোববার (১৯ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বহিরাগমন-৪ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই নতুন নকশার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, এখন থেকে যেসব পাসপোর্ট তৈরি করা হবে, সেগুলোতে ‘ইসরায়েল ব্যতীত’ যুক্ত হবে। ডাটা পেইজে স্পষ্টভাবে উল্লেখ থাকবে যে এই পাসপোর্টটি ইসরায়েল ছাড়া বিশ্বের অন্য সব দেশের ভ্রমণের জন্য বৈধ থাকবে। বাংলাদেশের পররাষ্ট্রনীতি, জনমত এবং ফিলিস্তিন ইস্যুতে দেশের দীর্ঘদিনের অবস্থানের সঙ্গে সামঞ্জস্য রেখে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

সরকারি আদেশে বলা হয়েছে, ই–পাসপোর্ট বুকলেটে বিদ্যমান ছবি পুনর্বিন্যাস করে এর নকশা পরিবর্তন, পরিবর্ধন ও সংশোধন করে জলছাপগুলো সুবিন্যস্ত করা হলো। নতুন জলছাপে রংপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহিদ আবু সাঈদ, শহিদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ ও শহিদ ওয়াসিম আকরামের ছবি–সংবলিত জুলাই গণ-অভ্যুত্থান ২০২৪ যুক্ত করা হয়েছে। শহিদদের স্মারক চিত্র জলছাপ হিসেবে যুক্ত হবে পাসপোর্টের ৩২ ও ৩৩ নম্বর পৃষ্ঠায়।

নতুন এই নকশায় দেশের প্রধান প্রধান জাতীয় স্থাপত্য ও ঐতিহাসিক স্থানগুলোকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। জাতীয় স্মৃতিসৌধ, কেন্দ্রীয় শহীদ মিনার, জাতীয় সংসদ ভবন ও সুপ্রিম কোর্টের পাশাপাশি এবার পাসপোর্টের পাতায় পাতায় স্থান পাচ্ছে কান্তজিউ মন্দির, লালবাগ দুর্গ, প্রাচীন পানাম নগর এবং কার্জন হলের মনোমুগ্ধকর প্রতিচ্ছবি। একই সঙ্গে বাংলাদেশের অনন্য প্রাকৃতিক সৌন্দর্যকে তুলে ধরতে অন্তর্ভুক্ত করা হচ্ছে কক্সবাজারের সমুদ্র সৈকত ও ঝাউবন, সুন্দরবনের ম্যানগ্রোভ বন, টাঙ্গুয়ার হাওরের বিস্তীর্ণ জলরাশি এবং পাহাড়ি অঞ্চল নীলগিরির দৃশ্যপট।

ঐতিহ্যের এই তালিকায় আরও যুক্ত হচ্ছে আমাদের জাতীয় প্রতীকসমূহ, যার মধ্যে রয়েছে শাপলা ফুল, দোয়েল পাখি, রূপালি ইলিশ এবং জাতীয় ফল কাঁঠাল। এর পাশাপাশি স্থান পেয়েছে শিল্পাচার্য জয়নুল আবেদিনের কালজয়ী চিত্রকর্ম ‘সংগ্রাম’।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় নতুন এই ডিজাইন দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরকে এরইমধ্যে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে।

 

সারাবাংলা/এনএল/ এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর