ঢাকা: সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সোমবার (২০ জুলাই) দুপুর থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় দেশের সাত বিভাগে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।
সংস্থাটির ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত এক পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কোথাও কোথাও ২৪ ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বা তার চেয়েও বেশি বৃষ্টিপাত হতে পারে।
টানা এই অতি ভারী বর্ষণের কারণে রাজধানী ঢাকা মহানগরের নিচু এলাকার কোথাও কোথাও সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। মৌসুমি বায়ুর প্রভাবে সৃষ্ট এই বৃষ্টিপাত আগামী দুই দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
বর্ষণকবলিত এসব এলাকার সাধারণ মানুষ ও নগরবাসীকে সাবধানে চলাচল করার পরামর্শ দেওয়া হয়েছে।