ঢাকা: উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশ-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে মৌসুমি নিম্নচাপে পরিণত হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা অনুযায়ী এই নিম্নচাপের প্রভাবে সাগর উত্তাল রয়েছে ।
রোববার ( ১৭ আগস্ট ) সকাল ৮টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ৪৪ থেকে ৮৮ মিলিমিটার পর্যন্ত ভারী এবং সর্বোচ্চ ১৮৮ মিলিমিটার পর্যন্ত অতি ভারী বর্ষণ হতে পারে।
এমন দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকায় সাময়িকভাবে জলাবদ্ধতা তৈরি হওয়া ছাড়াও চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কিছু স্থানে ভূমিধসের ঝুঁকি দেখা দিয়েছে। একইসঙ্গে উপকূলীয় অঞ্চল ও দেশের চার প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রায় তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি রাখা হয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে থাকা মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে।
আবহাওয়া সংস্থা আরও সতর্ক করেছে যে এটি আরও উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। অন্যদিকে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের পূর্বাভাস অনুযায়ী ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে, যার প্রেক্ষিতে এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।