ঢাকা: কূটনৈতিক সম্পর্ক নিয়ে আলোচনা করতে জুলাইয়ের শেষ সপ্তাহে বাংলাদেশে আসছেন দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন বিশেষ দূত সার্জিও গোর । তবে তার সফরের দিন এখনো ঠিক হয়নি।
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের দেশে আসার সঙ্গে সমন্বয় করে এই সফর অনুষ্ঠিত হবে বলে মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন। আগামী ২৮ জুলাই তিন দেশ সফর শেষে পররাষ্ট্রমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।
বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর মার্কিন কোনো দূতের এটিই বাংলাদেশে প্রথম সফর হবে। কূটনৈতিক সূত্র বলছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরে মোংলা বন্দরের আধুনিকায়ন, তিস্তা নদী প্রকল্প, প্রতিরক্ষা সহযোগিতা এবং চট্টগ্রামে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার বিষয়ে চুক্তি সই হয়। বিশেষ করে চীন সফরের পর এবং চীনের সঙ্গে বাংলাদেশের ঘনিষ্ট সম্পৃক্ততার পর মার্কিন দূতের এই সফরকে বেশ গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
কূটনৈতিক পর্যবেক্ষকরা ইন্দো-প্যাসিফিক ও দক্ষিণ এশিয়া অঞ্চলে ক্রমবর্ধমান কৌশলগত আগ্রহের সময়ে বাংলাদেশের সঙ্গে ওয়াশিংটনের অব্যাহত সম্পৃক্ততার আরেকটি ইঙ্গিত হিসেবে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের পরিকল্পিত সফরকে দেখছেন।
কূটনৈতিক সূত্র জানায়, ঢাকা-ওয়াশিংটন কূটনৈতিক সম্পর্ক নিয়ে আলোচনা করতেই এই সফর। সার্জিও গোর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। তিনি ভারতের মার্কিন রাষ্ট্রদূতের পাশাপাশি দক্ষিণ ও মধ্য এশিয়ার বিশেষ দূত হিসেবেও দায়িত্ব পালন করছেন।
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সফরে আছেন। জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদের দায়িত্ব গ্রহণ করে আগামী ২৩ জুলাই ফিলিপাইনের রাজধানী ম্যানিলা সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী। সেখানে তিনি ৩৩তম আসিয়ান রিজিওনাল ফোরামে যোগ দেবেন।
এরপর ম্যানিলা থেকে সরকারি সফরে পররাষ্ট্রমন্ত্রীর মালদ্বীপ সফরে যাওয়ার কথা রয়েছে। সেখানে আগামী ২৬ জুলাই মালদ্বীপ সরকারের আমন্ত্রণে দেশটির স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে অংশ নেবেন। এর পর দেশে ফিরবেন তিনি।