ঢাকা: জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার কার্যক্রম প্রত্যাশিত গতিতে এগোচ্ছে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। তিনি বলেন, ‘জনআস্থা ধরে রাখতে তদন্ত ও বিচার দ্রুত সম্পন্ন করা প্রয়োজন।’
বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
হামিদুর রহমান আযাদ বলেন, ‘২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের পর রাষ্ট্র সংস্কার, বিচার এবং নির্বাচন বিষয়ে জাতীয় ঐকমত্য সৃষ্টি হয়েছিল। নির্বাচন সম্পন্ন হলেও বিচার প্রক্রিয়ায় প্রত্যাশিত অগ্রগতি দৃশ্যমান নয়। তাই মানবতাবিরোধী অপরাধের তদন্ত ও বিচার দ্রুত এগিয়ে নেওয়া সময়ের দাবি।’
তিনি আরও বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। ভবিষ্যৎ রাষ্ট্রব্যবস্থার অনেক কিছুই এই ঘটনার বিচার ও জবাবদিহিতার ওপর নির্ভর করছে।’
তার দাবি, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে বিভিন্ন রাজনৈতিক দল ঐক্যবদ্ধ ছিল এবং মানবতাবিরোধী অপরাধের ধারাবাহিকতার সূচনা ২০০৬ সালের ২৮ অক্টোবরের পল্টন ট্র্যাজেডি থেকে হয়েছে।
জামায়াতের এই নেতা বলেন, ‘বিভিন্ন রাজনৈতিক বিষয়ে মতপার্থক্য থাকলেও জুলাই গণহত্যার বিচার দ্রুত সম্পন্ন করার প্রশ্নে প্রায় সব রাজনৈতিক দলের অবস্থান অভিন্ন। শহীদ পরিবারের সদস্যরাও দীর্ঘদিন ধরে বিচারের অপেক্ষায় রয়েছেন।’
এদিকে, জুলাই গণহত্যার বিচার দ্রুত সম্পন্ন করার দাবিতে সাত দফা সুপারিশসংবলিত একটি স্মারকলিপি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলামের কাছে জমা দিয়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের একটি প্রতিনিধিদল।