Monday 27 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব করতে কাজ করছে সরকার’

স্পেশাল করেসপন্ডেন্ট
২৭ জুলাই ২০২৬ ২২:৫১

ঢাকা: বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার সঙ্গে বিশ্বের অন্যান্য অঞ্চলের সংযোগকারী একটি আঞ্চলিক বিমান চলাচল কেন্দ্র (এভিয়েশন হাব) হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম।

সোমবার (২৭ জুলাই) সন্ধ্যায় রাজধানীর বনানীর হোটেল শেরাটনে আয়োজিত ‘সৌদিয়া ও এইচএসবিসি: বৈশ্বিক সংযোগ শক্তিশালীকরণ—বাংলাদেশে সৌদিয়ার যাত্রা উদযাপন’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বাংলাদেশ বিমান চলাচল খাত একটি নতুন যুগে প্রবেশ করছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার আধুনিক বিমানবন্দর অবকাঠামো নির্মাণ, যাত্রীসেবার মানোন্নয়ন এবং আন্তর্জাতিক আকাশপথে বাংলাদেশের সংযোগ সম্প্রসারণে কাজ করছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, সরকারের লক্ষ্য বাংলাদেশকে একটি আঞ্চলিক বিমান চলাচল কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করা, যা দক্ষিণ এশিয়াকে বিশ্বের বৃহত্তর পরিসরের সঙ্গে সংযুক্ত করবে। এ লক্ষ্য বাস্তবায়নে আন্তর্জাতিক বিমান সংস্থা, আর্থিক প্রতিষ্ঠান এবং কৌশলগত বিনিয়োগকারীদের সহযোগিতা ও বিনিয়োগকে সরকার স্বাগত জানায়।

বাংলাদেশে সৌদিয়ার দীর্ঘদিনের কার্যক্রমের প্রশংসা করে আফরোজা খানম বলেন, গত ৪৬ বছর ধরে সৌদিয়া বাংলাদেশে বিদেশি বিমান সংস্থা হিসেবে সেবা দিয়ে আসছে। প্রতিষ্ঠানটি লাখো যাত্রীর আন্তর্জাতিক ভ্রমণ সহজ করেছে, প্রবাসী কর্মীদের যাতায়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং হজ ও ওমরাহ পালনকারী মুসল্লিদের জন্য নিরাপদ ও নির্ভরযোগ্য বিমানসেবা নিশ্চিত করেছে। এর মাধ্যমে সৌদিয়া বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করেছে বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (বিনিয়োগ ও পুঁজিবাজার বিষয়ক) তানভীর গনি, বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ ইবন ধাফের ইবন উবাইয়া, সৌদিয়া, এইচএসবিসি ব্যাংক এবং বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বক্তারা বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বিমান যোগাযোগ, বাণিজ্য, বিনিয়োগ, পর্যটন এবং জনগণের পারস্পরিক যোগাযোগ আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে বৈশ্বিক সংযোগ সম্প্রসারণে বিমান চলাচল খাতের ভূমিকা এবং ভবিষ্যতে দুই দেশের মধ্যে সহযোগিতা আরও বাড়ানোর সম্ভাবনা নিয়েও আলোচনা করেন।

সারাবাংলা/এমএমএইচ/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর