Tuesday 28 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মিরসরাই শিল্পাঞ্চলে ৩০০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী তুরস্কের সানকো

স্পেশাল করেসপন্ডেন্ট
২৮ জুলাই ২০২৬ ১৩:৪১

মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে সানকোর প্রতিনিধি দলের বৈঠক।

ঢাকা: তুরস্কের শীর্ষস্থানীয় টেক্সটাইল প্রতিষ্ঠান সানকো (Sanko) বাংলাদেশের মিরসরাই শিল্পাঞ্চলে প্রায় ৩০০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করে একটি সমন্বিত টেক্সটাইল উৎপাদন কেন্দ্র স্থাপনের আগ্রহ প্রকাশ করেছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশের টেক্সটাইল ও পাট খাতে নতুন প্রযুক্তি, কর্মসংস্থান এবং রফতানি সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

মঙ্গলবার (২৮ জুলাই) সচিবালয়ে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে সানকোর প্রতিনিধি দলের বৈঠকে এ বিনিয়োগ পরিকল্পনার কথা জানানো হয়। বৈঠকে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

বৈঠকে সানকোর প্রতিনিধিরা জানান, বাংলাদেশের দক্ষ শ্রমশক্তি, আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক অবস্থান এবং বিদ্যমান ব্যবসায়িক সম্পর্কের কারণে তারা দেশে উৎপাদন সুবিধা গড়ে তুলতে আগ্রহী। প্রস্তাবিত প্রকল্পের আওতায় কাপড় উৎপাদন, ফ্যাব্রিক প্রসেসিং এবং উচ্চমূল্যের টেক্সটাইল পণ্য তৈরি করা হবে। এতে দেশের তৈরি পোশাক ও টেক্সটাইল শিল্পে মূল্য সংযোজিত পণ্যের উৎপাদন বাড়বে এবং নতুন আন্তর্জাতিক ক্রেতা আকৃষ্ট হবে।

প্রতিনিধিরা আরও জানান, প্রকল্পের সম্ভাব্য স্থান নির্বাচন ও অংশীদারদের সঙ্গে প্রাথমিক আলোচনা এরইমধ্যে সম্পন্ন হয়েছে। প্রয়োজনীয় সরকারি অনুমোদন, গ্যাস ও বিদ্যুৎ সংযোগ এবং অবকাঠামোগত সুবিধা নিশ্চিত হলে আগামী কয়েক মাসের মধ্যে প্রকল্পের পরবর্তী কার্যক্রম শুরু করা হবে। নির্মাণকাজ শুরু হওয়ার ১২-১৮ মাসের মধ্যে উৎপাদন চালুর লক্ষ্য রয়েছে।

বৈঠকে সানকোর পক্ষ থেকে পরিবেশবান্ধব প্রযুক্তি ও টেকসই উৎপাদন ব্যবস্থা নিশ্চিত করতে প্রয়োজনীয় সহযোগিতা চাওয়া হয়। তারা আন্তর্জাতিক ক্রেতাদের চাহিদা অনুযায়ী কয়লাবিহীন জ্বালানি ব্যবস্থার ওপরও গুরুত্বারোপ করেন।

এ সময় মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ‘সরকার দেশের শিল্পখাতে বিদেশি বিনিয়োগ উৎসাহিত করছে এবং বিনিয়োগকারীদের জন্য প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে কাজ করছে।’ এ ছাড়া, তিনি সানকোর বিনিয়োগ পরিকল্পনা বাস্তবায়নে সরকারকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাসও দেন।

সারাবাংলা/এমএমএইচ/এআর