Tuesday 04 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে বারবার বলা হয়েছে: তথ্য উপদেষ্টা

স্পেশাল করেসপন্ডেন্ট
৪ আগস্ট ২০২৬ ১৫:৪০ | আপডেট: ৪ আগস্ট ২০২৬ ১৮:১৩

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

ঢাকা: শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে ভারতকে বারবার বলা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

তিনি বলেন, ‘শেখ হাসিনা ভারতে অবস্থান করে যেন কোনো রাজনৈতিক বক্তব্য না দেন— এ বিষয়েও বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারতের কাছে অনুরোধ জানানো হয়েছে।‘

মঙ্গলবার (৪ আগস্ট) সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

বাংলাদেশে সফররত মার্কিন দূত ও তার ভারত সফর নিয়ে নানা আলোচনা প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, ‘মার্কিন দূত বাংলাদেশে এসে ভারতীয় হাইকমিশনের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং পরে ভারত গেছেন।’ তবে তার কার সঙ্গে ব্যক্তিগতভাবে সাক্ষাৎ হয়েছে, সে বিষয়ে সরকারিভাবে অবহিত না হওয়ায় কোনো মন্তব্য করতে চান না তিনি।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘বাংলাদেশ বর্তমানে কোনো ধরনের ভূরাজনৈতিক সংকট বা চাপের মধ্যে নেই। জনগণ ও রাষ্ট্রের স্বার্থকে সামনে রেখে সরকার বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক তৈরি করছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইরান, ভারত ও চীনের সঙ্গেও সম্পর্ক বজায় রেখে কাজ করছে সরকার।’

শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, পতনের পরও প্রাসঙ্গিক থাকার চেষ্টা থেকেই এ ধরনের বক্তব্য দেওয়া হচ্ছে বলে তিনি মনে করেন। শেখ হাসিনা একসময় যে আহ্বান জানিয়েছিলেন, তার পরিপ্রেক্ষিতে বাস্তবে কোনো ধরনের কার্যকর প্রতিক্রিয়া দেখা যায়নি বলেও মন্তব্য করেন তিনি।

শেখ হাসিনা দেশ ছাড়ার সময় কারা সহযোগিতা করেছিলেন— এ বিষয়ে তদন্ত বা তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার কোনো উদ্যোগ সরকার নিচ্ছে কি না, জানতে চাইলে তথ্য উপদেষ্টা বলেন, ওই সময়ের ঘটনাগুলোকে তিনি একটি বৃহত্তর রাজনৈতিক পরিবর্তনের অংশ হিসেবে দেখছেন। কারা কীভাবে এতে ভূমিকা রেখেছিলেন, তা নিয়ে এই মুহূর্তে সরকার আলাদা কোনো তদন্তের কথা ভাবছে না।

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রসঙ্গে ডা. জাহেদ উর রহমান বলেন, ‘ভারতীয় হাইকমিশনারের সঙ্গে বৈঠকসহ বিভিন্ন পর্যায়ে বাংলাদেশের পক্ষ থেকে একই কথা বলা হয়েছে— শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে হবে।‘

তিনি বলেন, ‘আমরা ভারতকে লিখছি, আমাদের পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র উপদেষ্টা— প্রত্যেক জায়গায় একই কথা ছিল, তাকে আমরা আনতে চাই। এবং যতদিন উনি ওখানে আছেন, উনি কোনো রাজনৈতিক বক্তব্য দেবেন না।’

শেখ হাসিনা দেশে ফিরলে তাকে কীভাবে গ্রহণ করা হবে— এমন প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, ‘তাকে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে। গ্রেফতারের পর শেখ হাসিনার যেসব আইনগত অধিকার রয়েছে, তিনি সেগুলো প্রয়োগ করতে পারবেন এবং নিজের পক্ষে আইনি লড়াই করতে পারবেন। আদালত যে রায় দেবেন, সরকার তা মেনে নিতে প্রস্তুত।’

অন্যদিকে নির্বাসিত লেখক তসলিমা নাসরিনের দেশে ফেরার প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, ‘তাকে দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের কোনো উদ্যোগ নেই। তসলিমা নাসরিন নিজে দেশে ফিরতে চাইলে প্রচলিত আইন ও প্রক্রিয়া অনুসরণ করে আবেদন করতে পারেন। এরপর সরকার তার বিষয়ে সিদ্ধান্ত নেবে।’

তসলিমা নাসরিন দেশে ফিরে আইনের আশ্রয় নিতে চাইলে সে সুযোগ রয়েছে বলেও জানান তিনি। তার বিরুদ্ধে কোনো ফৌজদারি অভিযোগ থাকলে বা তিনি কোনো লেখক বা ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করতে চাইলে প্রচলিত আইনি প্রক্রিয়ায় আদালতের শরণাপন্ন হতে পারবেন বলেও জানান তথ্য উপদেষ্টা।

সংবাদ সম্মেলনে প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এমএমএইচ/এমএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর