ঢাকা: আগামীর বাংলাদেশকে জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তোলার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। একই সঙ্গে জুলাই সনদ সম্পূর্ণভাবে বাস্তবায়ন করার কথা জানিয়েছেন তিনি।
বুধবার (৫ আগস্ট) বিকেলে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে রাজধানীর শাহবাগে অবস্থিত জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
শ্রদ্ধা নিবেদন শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়ন এবং আগামীর বাংলাদেশকে জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’
ঐতিহাসিক দিনটির গুরুত্ব ও রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বলেন, ‘দীর্ঘ ১৮ বছর রাজপথ রক্তাক্ত হওয়ার পর আজকের এই বিশেষ দিনে দেশে ফ্যাসিবাদের বিদায় ঘটেছে। ৫ আগস্ট শুধু শোকের দিন নয়, এটি একই সঙ্গে বিজয়, আনন্দ ও নতুন প্রত্যয়ের একটি দিন।’
দীর্ঘদিন ধরে রাজপথে আন্দোলনে থাকা বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর প্রতি ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘শোকের পাশাপাশি আজ বিজয় অর্জিত হয়েছে।’ এই গুরুত্বপূর্ণ সময়ে রাজপথে থাকা বিএনপিসহ কোনো রাজনৈতিক দলকে বিভক্ত না হওয়ার আহ্বান জানান তিনি।
দেশের নতুন রাজনৈতিক অধ্যায় ও শহিদদের স্মরণে তিনি আরও বলেন, ‘বিএনপি সরকারের মাধ্যমে দেশে পরিবর্তনের একটি নতুন অধ্যায় সূচনা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী সকল শহিদদের আত্মার মাগফেরাত এবং আন্দোলন-সংগ্রামে আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হচ্ছে।’
অনুষ্ঠানে উপস্থিত মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, ‘জুলাইয়ের বীর শহিদ এবং যোদ্ধাদের কথা সরকার কখনো ভুলে যায়নি।’
তিনি আরও বলেন, ‘জুলাই হত্যার ন্যায়বিচার না হওয়া পর্যন্ত তারা মাঠে থাকবেন।’
এ ছাড়া দেশে যেকোনো ধরনের অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র জনগণকে সাথে নিয়ে মোকাবিলা করার কথা বলেন তিনি।