Tuesday 11 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শিক্ষার্থীদের বাড়িতে একটি করে গাছ লাগানোর আহ্বান ক্রীড়া প্রতিমন্ত্রীর

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ আগস্ট ২০২৬ ১৮:৪২ | আপডেট: ১১ আগস্ট ২০২৬ ২১:৩৩

বৃক্ষরোপণ কর্মসূচিতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

ঢাকা: রাজধানীর মিরপুরে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, তারেক রহমানের নির্দেশনায় সারা দেশে পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের স্বাস্থ্য সুরক্ষায় এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে মিরপুরের পল্লবী ডিগ্রি কলেজ ও মাজেদুল ইসলাম মডেল হাই স্কুলে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

এ সময় প্রতিমন্ত্রী নিজ হাতে গাছের চারা রোপণ করেন এবং শিক্ষার্থীদের নিজ নিজ বাড়িতে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান।

বিজ্ঞাপন

আমিনুল হক বলেন, ‘গাছ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, মানুষের সুস্থভাবে বেঁচে থাকার জন্যও এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে এখন থেকেই সবাইকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে।’

তিনি বলেন, ‘প্রত্যেক শিক্ষার্থী যদি নিজের বাড়ির সামনে অথবা আশপাশে অন্তত একটি করে গাছ লাগায়, তাহলে সম্মিলিতভাবে এর বড় ইতিবাচক প্রভাব পড়বে। শিক্ষার্থীদের ছোট ছোট উদ্যোগই ভবিষ্যতে একটি সবুজ, সুন্দর ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সহায়ক হবে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘সরকার পরিবেশ সুরক্ষা ও সবুজায়নের বিষয়টিকে গুরুত্ব দিয়ে কাজ করছে। পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের পরিবেশের ওপর এর ইতিবাচক প্রভাব পড়বে এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায়ও তা সহায়ক হবে।’

বৃক্ষরোপণ কর্মসূচির আগে আমিনুল হক কোমলমতি শিশু ও শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটান। এ সময় শিক্ষার্থীদের মধ্যে তাকে ঘিরে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। অনেক শিক্ষার্থী তার সঙ্গে হাত মেলানো ও শুভেচ্ছা বিনিময়ের জন্য আগ্রহ প্রকাশ করে। প্রতিমন্ত্রীও শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন।

কর্মসূচিতে পল্লবী ডিগ্রি কলেজ ও মাজেদুল ইসলাম মডেল হাই স্কুলের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর