Thursday 27 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
২৭ আগস্ট ২০২৬ ১৯:৫৩

সংসদে প্রশ্নোত্তর পর্বে কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

ঢাকা: জাতীয় সংসদ অধিবেশনে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি ঘটেছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় তিনি তার দাবির পক্ষে পরিসংখ্যানও তুলে ধরেন।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদ অধিবেশনে ফেনী-২ আসনের সংসদ সদস্য জয়নাল আবেদীনের উত্থাপিত প্রশ্নের লিখিত ও মৌখিক জবাব দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এই তথ্য তুলে ধরেন।

তিনি বলেন, ‘বিগত বছরের একই সময়ের তুলনায় বর্তমানে দেশে খুন, ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন, মব সহিংসতা এবং সংখ্যালঘু নির্যাতনের ঘটনা উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে।’ এ ছাড়া দেশের জলদস্যু ও অপরাধীদের দমন এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তিনি অধিবেশনে বিস্তারিতভাবে তুলে ধরেন।

বিজ্ঞাপন

উপকূলীয় অঞ্চলে পরিচালিত যৌথ অভিযানের বিবরণ দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘সরকারের দায়িত্ব গ্রহণের পরপরই দক্ষিণাঞ্চলের সংসদ সদস্য ও মন্ত্রীদের বিশেষ অনুরোধে সুন্দরবনসহ সমগ্র উপকূলীয় এলাকায় ‘অপারেশন রিস্টোর পিস’ এবং ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামের যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। কোস্টগার্ডের নেতৃত্বে র‌্যাব ও পুলিশের সমন্বয়ে পরিচালিত এই অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র উদ্ধার করার পাশাপাশি বহু জলদস্যু ও বনদস্যুকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, ‘সরকার একপর্যায়ে অস্ত্র সমর্পণ ও ক্ষমা প্রদর্শনের সুযোগ দিয়ে দস্যুদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার চেষ্টা করেছিল এবং তাতে ইতিবাচক ফলাফলও এসেছে। তবে আত্মসমর্পণকারী কিছু অপরাধী কয়েক বছর পর পুনরায় দস্যুতায় ফিরে যাওয়ার প্রবণতা দেখা দেওয়ায় অপরাধীদের অপরাধে জড়ানো রোধে কঠোর নজরদারি ও কার্যকর আইনি পদক্ষেপ জারি রয়েছে।’

সংসদে অপরাধের তুলনামূলক পরিসংখ্যান উপস্থাপন করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘২০২৫ সালের জানুয়ারি থেকে আগস্ট মাসের তুলনায় ২০২৬ সালের একই সময়ে দেশের প্রধান প্রধান অপরাধের সংখ্যা দৃশ্যমানভাবে কমেছে। ২০২৫ সালের প্রথম আট মাসে যেখানে সারাদেশে ২ হাজার ৬০৭টি খুনের ঘটনা ঘটেছিল, ২০২৬ সালের একই সময়ে তা কমে দাঁড়িয়েছে ২ হাজার ৩৩২টিতে।’

তিনি বলেন, ‘একই সময়ে নারী ও শিশু নির্যাতনের ঘটনা বিগত বছরের ১১ হাজার ২৬৯টি থেকে কমে ৯ হাজার ৩৪৭টিতে এবং ধর্ষণের ঘটনা ৪ হাজার ৬৬৬টি থেকে কমে ৪ হাজার ৪০২টিতে নেমে এসেছে ‘

মব সহিংসতার বিষয়ে তিনি বলেন, ‘পূর্ববর্তী সময়ে মব সহিংসতার সংখ্যা ছিল ৮৯টি, যা সমন্বিত প্রচেষ্টায় কমে ৫৬টিতে নেমে এসেছে এবং এটি শূন্যে নামিয়ে আনতে সরকার বদ্ধপরিকর।’

এ ছাড়া, গত বছরের একই সময়ে সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ৯৯৯টি থাকলেও চলতি বছরে তা কমে ১৬৩টিতে দাঁড়িয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন, ‘সংসদ সদস্যদের অনুসন্ধান বা নোটিশের ভিত্তিতে সরকার আরও বিস্তারিত নথি পেশ করতে প্রস্তুত রয়েছে।’

 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর