Saturday 05 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক দাসত্বের নয়, বন্ধুত্বের হবে’

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
৫ সেপ্টেম্বর ২০২৬ ২০:০৭

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

সিলেট: শুধু ভারত নয়, বিশ্বের কোনো দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক দাসত্বের নয়, বন্ধুত্বের হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, ‘স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিশ্বের সব দেশের সঙ্গে সমমর্যাদা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নেওয়া হবে।’

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১টায় সিলেটের ওসমানীনগর উপজেলা পরিষদে ‘ইউএই এইড’ (UAE AID) এর উদ্যোগে গরিব ও দুস্থদের মধ্যে খাদ্যসামগ্রী ও পোশাক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ভারতের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে ভারত আন্তরিক হলে এবং বাংলাদেশ সরকারের দেওয়া শর্তগুলো পূরণে সম্মত হলে দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে নিতে কোনো আপত্তি নেই।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের দেশে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়ায় ভারতকে সহযোগিতা করতে হবে।’

হুমায়ুন কবির বলেন, ‘বাংলাদেশের দাবিগুলো পূরণে ভারতের পক্ষ থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেলে প্রধানমন্ত্রী যেকোনো সময় ভারত সফর করতে পারেন।’

তিনি আরও বলেন, ‘বিশ্বের সব দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে পারস্পরিক সম্মান ও সমমর্যাদার ভিত্তিতে। দেশের স্বার্থের সঙ্গে আপস না করে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে নেওয়াই সরকারের লক্ষ্য।’

স্থানীয় উন্নয়ন প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘ওসমানীনগরের গোয়ালাবাজার ও তাজপুর বাজারকে পৌরসভায় রূপান্তরসহ চলমান উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নিতে দল-মত নির্বিশেষে সবাইকে সহযোগিতা করতে হবে।’

তিনি বলেন, ‘ব্যক্তি বা রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে। তবে এলাকার স্বার্থে উন্নয়নমূলক উদ্যোগকে সবাইকে সাধুবাদ জানানো উচিত।’

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন নাহার, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা সুব্রত রঞ্জন হাজরাসহ প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর