টাঙ্গাইল: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক ও সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, এই সরকার জনগণের সঙ্গে গাদ্দারি করছে, তারা সংস্কার বাস্তবায়ন করছে না, তারা বিরোধী দলকে মাঠে কথা বলতে দিচ্ছে না। তারা মাঠের জায়গা সংকুচিত করছে। মত প্রকাশের বাধা বিপত্তি সৃষ্টি করছে।
মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে টাঙ্গাইলের সখিপুর উপজেলার তালতলা চত্বরে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জুলাই পদযাত্রা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, রোদ-বৃষ্টি, ঝড় যতই আসুক না কেন আমাদের ভাইয়েরা জীবন দিয়েছিল, রক্ত দিয়েছিল, ইনশাল্লাহ আমরা মাঠে থাকব, আপনাদের পক্ষে, দেশের সার্বভৌমত্ব, দেশের সীমান্ত সুরক্ষা, সন্ত্রাস, মাদক, চাঁদাবাজ মুক্ত করতে আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করে যাব।
তিনি বলেন, বিএনপি দেশে কোটি মানুষের কর্মসংস্থান তৈরির কথা বলেছিল। কিন্তু বিগত ৪ মাসে তারা কোনো কর্মসংস্থান করতে পারেনি। এ ছাড়া বাজেটেও কর্মস্থান সৃষ্টির কোনো রূপরেখা নেই। জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসি, লোডশেডিং, বিদ্যুৎ ও দ্রব্যমূল্য বৃদ্ধি, জ্বালানি তেলের দাম না কমানো, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সীমান্ত হত্যা ও ভারতের পুশইন বিষয়ে বাংলাদেশের নাজুক অবস্থার বিএনপি সরকারের তীব্র সমালোচনা করেন।
তিনি আরও বলেন, ২৪ সালে ছাত্র-জনতা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে একটা পরিবর্তনের জন্য। যদি পরিবর্তন না হয় যদি দেশে দুর্নীতি হয়, চাঁদাবাজি হয়, তাহলে এই সব আত্মত্যাগ, রক্ত ত্যাগের কোনো মূল্য থাকবে না। আমরা পরিবর্তনের জন্য রক্ত দিয়েছি জীবন দিয়েছি এক দলকে ক্ষমতা থেকে সরিয়ে আরেক দলের লুটপাটের জন্য ছাত্রজনতা জীবন দেয় নাই।
নাহিদ বলেন, ৫ আগস্টের পরে আমরা ন্যায় বিচার চেয়েছিলাম কিন্তু মামলা বাণিজ্য হয়েছে সারা বাংলাদেশে । শতশত সাধারণ মানুষের বিরুদ্ধে, ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা দিয়েছে। শত শত মানুষের বিরুদ্ধে মামলা দিয়ে মামলা বাণিজ্য হয়েছে। আপনারা ন্যায় বিচার করেন, আওয়ামী লীগের অপরাধীদের বিচার করেন কিন্তু সাধারণ মানুষকে ব্যবসায়ীদেরকে মামলা দিয়ে মামলা বাণিজ্য করবেন, লুটপাট করবেন এটা হতে দেওয়া যাবে না। আমরা চাই এই পুলিশ জনগণের জন্য কাজ করবে। আপনারা যদি থানায় যান তাহলে যেন সেই সেবাটা পান। আপনারা যদি ইউএনও অফিসে যান সেখানে যাতে ঘুস দিতে না হয়, এ জন্য দরকার সংস্কার। যদি সংস্কার না হয়, যদি এই জুলাই সনদ বাস্তবায়ন না হয় তাহলে দুর্নীতি বন্ধ হবে না, বৈষম্য দূর হবে না, মামলাবাজি, চাঁদাবাজি সন্ত্রাসী বন্ধ হবে না।
পদযাত্রায় এনসিপি’র মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম জুলাই আন্দোলনের চেতনা ধারণ করে গণতান্ত্রিক, জবাবদিহিমূলক ও জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনের আহ্বান জানান। পাশাপাশি দলকে আরও শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদারের উপর গুরুত্বারোপসহ কর্মসংস্থান, দুর্নীতি দমন, জ্বালানির দাম,নিরবচ্ছিন্ন বিদ্যুৎ এবং সীমান্তে পুশ-ইনসহ বিভিন্ন ইস্যুতে বক্তব্য দেন।
সখিপুর উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী ফরিদ সিকদার জিয়া এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, ডেপুটি মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) ও ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দার, টাঙ্গাইল জেলা শাখার আহ্বায়ক অ্যাডভোকেট কামরুজ্জামান শাওন, সদস্য সচিব মাসুদুর রহমান রাসেল প্রমুখ।