Tuesday 14 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আইনশৃঙ্খলার উন্নতিতে স্বরাষ্ট্রমন্ত্রীর তৎপরতা নেই: নাহিদ ইসলাম

সিনিয়র করেসপন্ডেন্ট
১৪ জুলাই ২০২৬ ২১:১৫

এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ নাহিদ ইসলাম।

ঢাকা: সংবিধান সংশোধন নিয়ে ব্যস্ত থাকলেও দেশের আইনশৃঙ্খলার উন্নতিতে স্বরাষ্ট্রমন্ত্রীর তৎপরতা নেই বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ নাহিদ ইসলাম।

মঙ্গলবার ( ১৪ জুলাই ) বিকেলে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জুলাই নারী সমাবেশে তিনি এই অভিযোগ করেন। তিনি বলেন, নির্বাচিত সরকার এলে আইনশৃঙ্খলা ব্যবস্থা ঠিক হবে ভেবেছিল সবাই, কিন্তু অবস্থা আরও খারাপ হয়েছে। তিনি আরও বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ অনেক কাজে ব্যস্ত এবং সংবিধান সংশোধনে ব্যস্ত, কিন্তু আইনশৃঙ্খলার উন্নতিতে তার তৎপরতা নেই।

বিজ্ঞাপন

তিনি বলেন, চব্বিশের ১৪ জুলাই ঐতিহাসিক দিন এবং তখন এই দিন যেই রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দেওয়া হয়েছিল, সেই রাষ্ট্রপতি এখনো বহাল রয়েছেন। তিনি আরও বলেন, ১৪ জুলাই নারীদের অবদানের কারণে ১৫ জুলাই নারীদের ওপর টার্গেট করা হয়েছিল এবং নারীদের ওপর হামলার দৃশ্য বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে।

গণ-অভ্যুত্থানে নারীদের অংশগ্রহণ, অবদান ও আত্মত্যাগ আমরা সবসময় বলি উল্লেখ করে তিনি বলেন, নারী কোটার বিরুদ্ধে গিয়ে যৌক্তিক কোটা সংস্কারের দাবিতে নারী-পুরুষ সবাই রাস্তায় নেমেছিল। নারীরা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিল দেখে তাদের ওপর নানাভাবে টার্গেট করা হয়, তবে আন্দোলন পরবর্তী সময়ে নারীদের আমরা সেই স্পেসটা করে দিতে পারি নাই। তবুও নারীরা আমাদের সঙ্গে রয়েছে এবং নারী শক্তির প্রতি আমাদের প্রত্যাশা থাকবে নারীদের রাজনৈতিক ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করা।

প্রান্তিক নারীদের খোঁজখবর রাখতে পারেননি জানিয়ে তিনি বলেন, নারী শক্তির প্রতি আহ্বান থাকবে নারীদের দাবিগুলো বাস্তবায়নে কাজ করবে। জুলাই গণহত্যার বিচার দাবি জানিয়ে তিনি বলেন, এ সরকার এসে আইসিটি ট্রাইব্যুনাল সরিয়ে দিয়েছে কেন জানি না। তিনি আরও বলেন, ইনুর ১০ বছরের সাজা দিয়েছে, সেটা কোনোভাবে কাম্য নয়।

নারী সমাবেশে অংশ নিয়ে সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ফরিদা আকতার বলেন, মুক্তিযুদ্ধের প্রশ্নে কোনো ছাড় দেওয়া যাবে না। তিনি আরও বলেন, শেখ হাসিনা একজন নারী না, তিনি ফ্যাসিস্ট, হত্যাকারী ও খুনি। হাসিনা চলে গেলেও তার ফ্যাসিবাদ কাঠামো রয়ে গেছে এবং রাষ্ট্রকে বিনির্মাণ করা সম্ভব হয়নি। জুলাইয়ের প্রেরণা যেন আমরা ভুলে না যাই উল্লেখ করে তিনি বলেন, নারীদের তুলে আনার মতো কাজ আমাদের করতে হবে। পুরুষতান্ত্রিক সমাজ কাঠামোতে নারীরা এখনো পিছিয়ে রয়েছে এবং তাদের সামনে এগিয়ে আনতে হবে।

তিনি বলেন, আন্তর্জাতিক শক্তিগুলো আমাদের অধিকার হরণ করতে চায় এবং দিল্লির সঙ্গে যুক্তরাষ্ট্রও রয়েছে। যুক্তরাষ্ট্র আমাদের অধিকারের ওপর হস্তক্ষেপ করছে।

সারাবাংলা/এফএন/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর