ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছেন, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কথিত গোপন ফোনালাপের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় এখনো কোনো সুনির্দিষ্ট তথ্য পায়নি।
বৃহস্পতিবার (২৩ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
সম্প্রতি অভিযোগ ওঠে, চলতি বছরের মে মাসে চিকিৎসার জন্য লন্ডনে অবস্থানকালে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। এ বিষয়ে লন্ডনের বাংলাদেশ হাইকমিশন পররাষ্ট্র মন্ত্রণালয়কে কোনো তথ্য জানিয়েছে কিনা—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাব দিয়েছেন প্রতিমন্ত্রী।
শামা ওবায়েদ ইসলাম বলেন, ‘এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় এখনো কোনো নির্দিষ্ট খবর পায়নি। যদি বিষয়টি সত্য হয়ে থাকে, তাহলে অবশ্যই পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি খতিয়ে দেখবে।’
সরকারও এ বিষয়ে প্রয়োজনীয় তদন্ত করবে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, ‘কোনো রাষ্ট্রীয় বিষয়ে তথ্য পাওয়া গেলে তা যথাযথ প্রক্রিয়ায় যাচাই করা হবে।’