প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের আগে অনুকূল পরিবেশ তৈরির আহ্বান জানিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের চাওয়া, মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ড নিয়ে ভারতে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে ফেরত এবং ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির সন্দেহভাজন হত্যাকারীদের প্রত্যর্পণ করবে ভারত।
রোববার (১৬ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংক্ষিপ্ত ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখাপত্র এ কে এম শহীদুল করিম প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে সরকারের এ অবস্থান তুলে ধরেন।
তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের সরকারি কর্মকর্তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে বেশ কয়েক সপ্তাহ ধরে একে অপরের সাথে যোগাযোগ রাখছেন। তবে গত ৫ই আগস্ট নয়াদিল্লিতে শেখ হাসিনার উপস্থিতির ফলে এই প্রক্রিয়াটি বাধাগ্রস্ত হয়েছে, যিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক মানবতাবিরোধী অপরাধের দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন। আমরা এই বিষয়ে আমাদের অবস্থান স্পষ্ট করেছি। আমরা মনে করি যে, এই সফরের জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি করা প্রয়োজন।
এ কে এম শহীদুল করিম বলেন, এজন্য আমরা ভারতীয় কর্তৃপক্ষকে আমাদের দ্বিপাক্ষিক প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনা এবং অন্যান্য পলাতক অপরাধীদের দ্রুত প্রত্যর্পণ করতে এবং শহীদ শরীফ ওসমান হাদির অভিযুক্ত খুনিদের বাংলাদেশের হাতে তুলে দেওয়ার অনুরোধ জানিয়েছি। আমরা বর্তমানে তাদের প্রতিক্রিয়ার অপেক্ষায় আছি।
তিনি আরও বলেন, আমরা সার্বভৌম, সমতা, জাতীয় মর্যাদা, একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং পারস্পরিক স্বার্থের ভিত্তিতে আমাদের প্রতিবেশীসহ অন্যান্য দেশের সাথে বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে আমাদের ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি অব্যাহত রাখব।