Saturday 25 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সরকার জনগণের পালস বুঝতে ব্যর্থ হয়েছে: মুফতি রেজাউল

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ জুলাই ২০২৬ ১৫:০৩ | আপডেট: ২৪ জুলাই ২০২৬ ১৮:০২

সমাবেশে বক্তব্য রাখছেন ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম

ঢাকা: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) বলেছেন, জুলাই-পরবর্তী সময়ে জনগণ যাদের হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে, তারা দেশের স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছে না। জুলাই সনদ বাস্তবায়নে সরকারের অনীহাই প্রমাণ করে যে সরকার জনগণের মনোভাব বা ‘পালস’ বুঝতে ব্যর্থ হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) দুপুরে রাজধানীর বাইতুল মোকাররমের উত্তর গেটে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পীর সাহেব চরমোনাই বলেন, ‘ভালো নেতা ও ভালো নীতির সমন্বয় ছাড়া জাতির মুক্তি সম্ভব নয়। দুর্নীতি, চাঁদাবাজি ও মাদক নির্মূলে ইসলামের আদর্শের কোনো বিকল্প নেই।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘ইসলামের নাম ব্যবহার করে অনৈতিকতা, উচ্ছৃঙ্খলতা বা ধোঁকাবাজি করলে তা ইসলাম হয়ে যায় না; বরং এতে ইসলামের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়।’

বিশেষ অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, ‘সরকারদলীয় হুইপ মিয়া নুর উদ্দিন আহমেদ অপুর ‘চাঁদাবাজি নির্মূল করা যাবে না’—এমন বক্তব্য দুঃখজনক।’

তিনি প্রশ্ন রেখে বলেন, ‘দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত দেশ গড়তে না পারলে সরকারের কাজ কী?’

তিনি আরও অভিযোগ করেন, সরকার এক কোটি কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিলেও বিভিন্ন মিল-কারখানা বন্ধ হওয়ায় কর্মসংস্থান সংকুচিত হচ্ছে।

গাজী আতাউর রহমান বলেন, ‘বর্তমানে সংসদে কার্যকর বিরোধী দল নেই এবং জুলাই সনদ বাস্তবায়নের প্রশ্নেও বিরোধী দল দৃঢ় অবস্থান নিচ্ছে না। তবে ইসলামী আন্দোলন মাঠের বিরোধী দল হিসেবে জনগণের পক্ষে কার্যকর ভূমিকা পালন করবে।’

দলটির প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী বলেন, ‘ইসলামের নামে বিভ্রান্তিকর কর্মকাণ্ড বন্ধ করে প্রকৃত ইসলামের চর্চা করতে হবে।’

ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদ জানান, সংগঠনটির নেতাকর্মীরা জুলাই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বর্তমানে সংগঠনটি সারাদেশে বৃক্ষরোপণ, মাছের পোনা অবমুক্তকরণ এবং কারিগরি ও প্রযুক্তি প্রশিক্ষণের মাধ্যমে যুবকদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার কাজ করছে।

সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা অলিউল্লাহ তালুকদার।

মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন ও মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক নেসার উদ্দিন হুজাইফের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে ইসলামী আন্দোলনের সহকারী মহাসচিব আহমাদ আব্দুল কাইয়ুম, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা ইলিয়াস হাসান, সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাওলানা আল আমীন, প্রচার সম্পাদক মুফতী আবু বকর সিদ্দীক, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আরিফ বিন মেহের উদ্দিন, সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি মোস্তাফিজুর রহমান, মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক মুফতী হাফিজুল হক ফাইয়াজ এবং মাওলানা আল আমীন সোহাগসহ কেন্দ্রীয় ও মহানগরের নেতারা বক্তব্য দেন।

সারাবাংলা/এমএমএইচ/এমএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর