Saturday 25 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ফ্যাসিবাদ কায়েম করলে জনগণ আপনাদেরও তাড়াবে: বিরোধীদলীয় নেতা

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
২৫ জুলাই ২০২৬ ১৯:২৬

জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। ছবি: সারাবাংলা

সিলেট: সরকার পতিত ফ্যাসিবাদের পথে হাঁটছে উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, হাসিনাকে তাড়িয়েছি, যদি আপনারা ফ্যাসিবাদ কায়েম করেন, তাহলে আপনাদেরও জনগন তাড়াবে। জনগন আপনাদের ছেড়ে কথা বলবে না।

শনিবার (২৫ জুলাই) দুপুরে দেশজুড়ে চলমান ১১ দলীয় ঐক্যের সিলেট বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।

জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেন, জনগন পরিবর্তনের জন্য, সংস্কারের জন্য গণভোটে রায় দিয়েছে। ৭০ ভাগ মানুষ হ্যাঁ ভোট দিয়েছে। গণভোটের রায়কে আমরা অপমান করতে দেবো না। গণভোটের রায় বাস্তবায়ন করেই আমাদের আন্দোলন সফলতার দ্বারপ্রাপ্তে পৌঁছবে। বাংলাদেশে আমরা আর কোন ফ্যাসিবাদ চাই না।

বিজ্ঞাপন

ডা. শফিক বলেন, আমরা দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি, তারাও মজলুম ছিলেন, আজ যারা সরকারে আছেন। তারা আজ ফ্যাসিবাদের পথ ধরে হাঁটা শুরু করেছেন। সমাজের সবক্ষেত্রে তারা বেপরোয়া নির্লজ্জ দলীয়করণ করে দুর্নীতিকে জাতীয়করণ করতে চাচ্ছেন। আমরা মানবো না। আমরা কিছুতেই মানবো না।

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে সমাবেশে ডা. শফিকুর আরও বলেন, ভালোয় ভালোয় দাবি মেনে নিন। এদেশের মানুষ জীবন দিয়ে, পঙ্গুত্ব বরণ করে, গুলি খেয়ে শিখে নিয়েছে মুক্তির পথে কীভাবে হাঁটতে হয়। আমরা আমাদের শহিদদের সাথে বেঈমানি করব না। জুলাইযোদ্ধাদের সঙ্গে বেঈমানি করব না। ১৮ কোটি মানুষের সঙ্গে বেঈমানি করব না।

ঢাকার সমাবেশে সবাইকে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সবাই প্রস্তুত থাকুন। ঢাকা থেকে ডাক আসবে। দাবি আদায়ে সবাইকে অংশ নিতে হবে।

সিলেটের বিভিন্ন দাবি-দাওয়ার প্রসঙ্গ তুলে বিরোধীদলীয় এই নেতা বলেন, প্রবাসী অধ্যুষিত এই অঞ্চলের বহু ন্যায্য দাবি বছরের পর বছর ধরে ঝুলে আছে। সিলেট ওসমানী বিমানবন্দরকে এখনও পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর করা হয়নি। এটি দ্রুত পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানন্দরে রূপান্তর করুন। সিলেট-ঢাকা মহাসড়কের কাজ দ্রুত সম্পন্ন, সিলেট ইঞ্জিনিয়ারিং কলজেকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর, সিলেট মেডকেল বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরুর দাবি জানিয়ে তিনি বলেন, আমরা যদি ক্ষমতায় যেতে পারি তাহলে আপনাদের এসব দাবি পূরণ করা হবে।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চীফ হুইপ নাহিদ ইসলাম বলেন, ছাত্র জনতার আন্দোলনের মুখে ভারতের শিক্ষামন্ত্রী পদত্যাগে বাধ্য হয়েছে। আমরা বাংলাদেশের ছাত্র জনতার পক্ষ থেকে ভারতের আন্দোলনরত ছাত্র-জনতাকে অভিনন্দন জানাই।

তিনি বলেন, দেশে দেশে এই যে তরুণরা জেগে ওঠছে, তরুণরা অন্যায়-বৈষম্যেরর বিরুদ্ধে কথা বলছে, আমরা মনে করি, এটা জুলাই বিপ্লবের ধারাবাহিকতা। জুলই বিপ্লব দেশ থেকে দেশে ছড়িয়ে পড়ছে। জুলাই বিপ্লবের পর দক্ষিণ এশিয়ার সব সরকার সতর্ক হচ্ছে। তরুণদের ভয় পাওয়া শুরু করছে অথচ আমাদের দেশে সরকার ঠিক উল্টো হাঁটছে। সরকার ক্ষমতায় এসেই জনগনের রায়কে অবজ্ঞা করছে।

তিনি বলেন, সরকার যদি জনগনের ম্যান্ডেটকে ভুলে যায় তাহলে তার পরণিত সরকার ও তারেক রহমানকেই ভোগ করতে হবে। নাহিদ বলেন, সরকার ৩১ দফার মুলা ঝুলিয়ে দেশের মানুষের সঙ্গে প্রতারণা করেছে। সংস্কার না করায় দেশের অর্থনৈতিক সংকট মোকাবেলায় সরকার আন্তর্জাতিক সহায়তা পাচ্ছে না।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর