ঢাকা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘আমি আজকে থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব। পুরো বাংলাদেশে দেখি উনারা কতটুকু বাড়তে পারে, কতটুকু যাইতে পারে। আমরা সেই মাত্রাটা দেখব।’
বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে সিলেটের গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার ঘটনায় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
এ সময় তিনি উল্লেখ করেন, সারজিস আলমের গাড়িতে হামলা চালানো হয়েছে। সেখানে গাড়ি ভাঙচুর করা হয় এবং হামলাটি ছাত্রদল করেছে। কথা বলার কারণেই আমাকে এবং আমাদের দলকে লক্ষ্য করে এই হামলার জাস্টিফিকেশন বা অজুহাত দেওয়া হচ্ছে। তাই আমি আজ থেকে সম্পূর্ণ নীরব থাকার সিদ্ধান্তের নিয়েছি।
নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, হবিগঞ্জের অপ্রীতিকর ঘটনার প্রেক্ষিতে বুধবার রাতে আমরা একটি মামলা দায়ের করেছি। সেই ঘটনায় অনেকের হাত ভেঙে দেওয়া হয়েছে এবং অনেকের চোখ তুলে ফেলা হয়েছে। যারা এই অপকর্মগুলো করেছে, স্পষ্ট ভিডিও ফুটেজে তাদের সবার ছবি রয়েছে। তবে সেই মামলার এজাহারে কিছু সংশোধন আনা হচ্ছে, কারণ ঘটনার ভিডিও ফুটেজে নাম না থাকা সত্ত্বেও একজন নিরপরাধ ব্যক্তির নাম সেখানে যুক্ত করা হয়েছিল।
তিনি আরও বলেন, বাংলাদেশে দীর্ঘদিন ধরে চলে আসা বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হয়ে আসার প্রয়োজন রয়েছে। তারেক রহমান যে নতুন সরকার গঠন করেছেন, সেই সরকারের কাছে ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানাচ্ছি।
প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বক্তব্য দিকে গিয়ে তিনি একজন ইন্টারমিডিয়েটের ছাত্রের করুণ পরিস্থিতির কথা তুলে ধরেন। সেই ছেলেটি কখনো কোনো সহিংসতায় জড়িত হয়নি, তার বাবা অসুস্থ এবং মা প্রতিবন্ধী। ছেলেটি বর্তমানে অপারেশন থিয়েটারে আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।
তিনি আরও বলেন, সেই ভুক্তভোগী ছেলেটির চোখ আর কখনো ফেরত দেওয়া সম্ভব কি না, তা নিয়ে প্রশ্ন রয়ে যায়। বাংলাদেশে আর কোনো রাজনৈতিক সহিংসতা আমরা দেখতে চাই না। প্রিয় তারেক রহমানের কাছে আলিফের চোখ ফেরত দেওয়ার জন্য আকুল আহ্বান জানাচ্ছি।আমরা কোনো ক্ষমতা বা অন্য কিছু চাই না, শুধু আলিফের চোখের সঠিক বিচার ও সুস্থতা চাই।