সিলেট: সিলেটের জৈন্তাপুরে ‘জুলাই পদযাত্রা’ শেষ করে শহরে ফেরার পথে জাতীয় নাগরিক পার্টি- এনসিপি’র মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী গাড়িতে হামলার অভিযোগ ওঠেছে। তবে পুলিশ দাবি অস্বীকার করেছে, তারা বলছে হামলার কোনো ঘটনা ঘটেনি।
শুক্রবার (৩১ জুলাই) রাত পৌনে ১১টার দিকে হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে।
এদিকে নিজের ফেসবুকে নাসীরুদ্দীন পাটওয়ারী লিখেছেন, ‘সিলেটে আবারও গাড়িতে হামলা। গাড়ির কাঁচ ভেঙে দু’জনকে রক্তাক্ত করা হয়েছে।’
ফেইসবুকে দেওয়া একটি ভিডিওতে দেখা যায়, নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ির গ্লাস ভাঙা। ভেতরে বসে থাকা ব্যক্তির হাতের আঙ্গুলে রক্ত।
শুক্রবার সিলেটের কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুরে জুলাই পদযাত্রা ও সমাবেশ করে এনসিপি। এতে অংশ নেন দলটির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটোয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, সংসদ সদস্য ও নারী শক্তির কেন্দ্রীয় সদস্য সচিব মাহমুদা মিতু। রাতে জৈন্তাপুরে সমাবেশ শেষ করে গাড়িতে করে ফিরছিলেন এনসিপি নেতারা। এসময় ব্যাপক বৃষ্টি হচ্ছিলো।
তবে জৈন্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুবুর রহমান মোল্লা বলেন, ‘জৈন্তাপুরে কোনো হামলার ঘটনা ঘটেনি। প্রোগ্রাম শেষে আমি নিজে জৈন্তা গেইট পর্যন্ত দিয়ে এসেছি। প্রচুর বৃষ্টি হচ্ছে, রাস্তাঘাট ফাঁকা ছিল। হামলার ঘটনটি মিথ্যা।’
হামলার বিষয়ে শাহপরাণ থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘এনসিপির গাড়িবহরে কোনো হামলার ঘটনা ঘটেনি।’