ঢাকা: হবিগঞ্জে এনসিপির ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তির সংগঠক আলিফ চৌধুরীর ওপর হামলায় চোখ হারানোর ঘটনার প্রতিবাদে চোখে ব্যান্ডেজ বেঁধে প্রতীকী প্রতিবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
সোমবার (৩ আগস্ট) রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে ‘শহিদ পরিবার ও আহতদের কণ্ঠে জনতার ১ দফা’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ প্রতীকী প্রতিবাদ জানান। আলোচনা সভায় বক্তব্য দেওয়ার জন্য নাসীরুদ্দীন পাটওয়ারীর নাম ঘোষণার সঙ্গে সঙ্গেই তিনি মঞ্চের পর্দার আড়ালে চলে যান। এর প্রায় এক মিনিট পর তিনি যখন পুনরায় বক্তব্য দেওয়ার স্থানে ফিরে আসেন, তখন উপস্থিত সবাই তার চোখে ব্যান্ডেজ বাঁধা দেখতে পান।
হবিগঞ্জে এনসিপির কর্মসূচি চলাকালে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের হামলায় এইচএসসি শিক্ষার্থী ও ছাত্রশক্তি নেতা আলিফ চৌধুরী একটি চোখে আঘাতপ্রাপ্ত হয়ে তার দৃষ্টিশক্তি হারান। মূলত এই ঘটনার প্রতিবাদ জানাতেই তিনি চোখে ব্যান্ডেজ বাঁধেন।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এনসিপির এই নেতা বলেন, ‘এখানে লেখা আছে, আলিফের চোখ ফিরিয়ে দিন, ফিরিয়ে দিতে পারবে? কোথা থেকে দিবে, নিজেরই তো চোখ নাই। চোখ থাকলে কী আলিফের সেই কান্নাটা দেখতো না। আলিফের চিকিৎসার ব্যবস্থা করতো না?’
তিনি আরও বলেন, হবিগঞ্জে এনসিপির কর্মসূচিতে হামলার শিকার হয়ে এইচএসসি পরীক্ষার্থী আলিফ তার একটি চোখের দৃষ্টিশক্তি হারিয়েছেন। সেই ঘটনার সুষ্ঠু বিচার ও ক্ষতিপূরণের দাবি জানিয়েই তিনি এভাবে বক্তব্য দিয়েছেন।