ঢাকা: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই জাল করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভুয়া প্রেস বিজ্ঞপ্তি প্রচার করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।
রোববার (২ আগস্ট) এক সংশোধনী প্রেস বিজ্ঞপ্তিতে রুহুল কবির রিজভী বলেন, স্বার্থান্বেষী একটি কুচক্রী মহল তার সই জাল করে গতকাল ১ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত প্রেস বিজ্ঞপ্তি পোস্ট করেছে। ওই প্রেস বিজ্ঞপ্তির সঙ্গে তার কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই।
ভুয়া ওই প্রেস বিজ্ঞপ্তির বিরুদ্ধে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে রিজভী বলেন, তার সইয়ে বিএনপির দফতর থেকে উল্লেখিত প্রেস বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠানো হয়নি। এটি সম্পূর্ণরূপে বানোয়াট ও ভুয়া।
দলের নেতা-কর্মীদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, গতকাল ১ আগস্ট তার সই জাল করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচারিত ভুয়া প্রেস বিজ্ঞপ্তির বিষয়ে দলের সব পর্যায়ের নেতাকর্মীকে সতর্ক থাকতে হবে।