ঢাকা: নতুন সরকারের পাঁচ মাসেই জনদুর্ভোগ বেড়েছে এবং মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। তার অভিযোগ, গ্যাস সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, লোডশেডিং ও বিদ্যুতের ‘ভুতুড়ে’ বিলের কারণে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছে।
সোমবার (৩ আগস্ট) রাতে রাজধানীর বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
গোলাম পরওয়ার বলেন, লুটপাট, চাঁদাবাজি, দলীয়করণ ও দুর্নীতির সিন্ডিকেট মানুষের ঘাড়ে চেপে বসেছে। গ্যাসের সংকট, দ্রব্যমূল্য বৃদ্ধি ও লোডশেডিং ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। গ্যাসের মূল্য বাড়লেও উৎপাদন কমছে। নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধান ও গ্যাস উত্তোলনে সরকারের কার্যকর উদ্যোগ নেই।
তিনি বলেন, এলপিজির দাম বাড়ায় সাধারণ মানুষের ব্যয় বেড়েছে। গ্যাস সংকটের কারণে পোশাক, সার ও ইস্পাত কারখানায় উৎপাদন কমে গেছে। সিএনজি স্টেশনগুলোতেও গ্যাসের সংকট দেখা দিয়েছে। সামনে পরিস্থিতি আরও সংকটময় হওয়ার আশঙ্কা রয়েছে।
বিদ্যুতের ‘ভুতুড়ে’ বিলের অভিযোগ তুলে জামায়াতের এই নেতা বলেন, ২০২৬ সালে বিদ্যুতের দাম বাড়ানো হলেও সরকার ভুতুড়ে বিল নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে। প্রকৃত ব্যবহার না হলেও বিদ্যুতের বিল বাড়ছে। এতে নিম্নআয়ের মানুষকে বাড়তি ট্যারিফ দিতে হচ্ছে। গ্রাহকেরা নিদারুণ ভোগান্তির শিকার হচ্ছেন।
দ্রব্যমূল্য প্রসঙ্গে তিনি বলেন, চাল, ডাল, চিনি, কাঁচা মরিচ ও আলুর দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। ফলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়েছে।
সরকারের রাজনৈতিক কর্মকাণ্ডের সমালোচনা করে গোলাম পরওয়ার বলেন, সরকার এখন সংবিধান নিয়ে ব্যস্ত। জামায়াতে ইসলামীসহ ১১ দল যারা ‘রক্তাক্ত জুলাই সনদের’ ভিত্তিতে গণভোটের রায় কার্যকর করে বৈষম্যহীন ও মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে আন্দোলন করছে, সরকারের মন্ত্রীরা তাদের বিরুদ্ধে ভুল ব্যাখ্যা দিচ্ছেন। বিরোধী দল দমনে ব্যস্ত থাকায় জনদুর্ভোগের দিকে সরকারের নজর নেই বলেও অভিযোগ করেন তিনি।
গ্যাস সংকট দূর করতে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, গ্যাসের সংকটে ব্যবসা-বাণিজ্য ও শিল্পপ্রতিষ্ঠান বন্ধ হওয়ার পথে। গ্যাসক্ষেত্রগুলোর উৎপাদন বাড়াতে হবে এবং এ খাতে বিনিয়োগ করতে হবে।
এ সময় সরকারকে ‘ফ্যাসিবাদের পথ’ অনুসরণ না করার আহ্বান জানিয়ে গোলাম পরওয়ার বলেন, দলদাসদের নিয়োগ ও পদোন্নতি দেওয়া থেকে সরে এসে জনগণের দুঃখ-কষ্টের দিকে নজর দিতে হবে। একই সঙ্গে জনদুর্ভোগের বিষয়ে জনগণকে সোচ্চার থাকার আহ্বান জানান তিনি।
প্রেস ব্রিফিংয়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার-মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য জাহিদুর রহমান, ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন এমপি এবং কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য আতাউর রহমান সরকার উপস্থিত ছিলেন।