ঢাকা: শেখ হাসিনা যে ভুল করেছিলেন, বিএনপি এখন ঠিক একই ভুল করছে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
বুধবার (৫ আগস্ট) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ্যে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত গণসমাবেশে তিনি এই কথা বলেন।
মজিবুর রহমান মঞ্জু মন্তব্য করেন, একসময় তারা আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপিকে চিনতেন, কিন্তু বর্তমানের বিএনপি একটি আপসকামী দলে পরিণত হয়েছে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যদি রক্ত ঝরানো হয় বা কাউকে হত্যা করার চেষ্টা করা হয়, তবে পরিস্থিতি মোকাবিলায় হাজার ও লাখো বার প্রতিরোধ গড়ে তুলতে তারা বাধ্য হবেন। কোনো মায়ের বুক খালি করার চেষ্টা করা হলে সকল কৌশল গ্রহণ বৈধ হয়ে যায় বলেও উল্লেখ করেন তিনি।
বেনজীর আহমেদের মুক্তি ও সরকারের বক্তব্য প্রসঙ্গে এবি পার্টির চেয়ারম্যান বলেন, ‘বেনজীরের গ্রেফতার ও তাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকারের করা বক্তব্যগুলো মিথ্যা প্রমাণিত হয়েছে।’ তিনি আরও বলেন, ‘জনরায় ও গণভোটকে আলাদা করে ক্ষমতায় বসার পর যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে, তার ফল কখনো ভালো হবে না।’