লক্ষ্মীপুর: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে দেশের প্রতিটি ইউনিয়নে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী ঘোষণা করবে বলে জানিয়েছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেন, তৃণমূল পর্যায় থেকে দলকে শক্তিশালী করা এবং আগামী জাতীয় নির্বাচনের পূর্ণাঙ্গ প্রস্তুতি হিসেবেই প্রতিটি ইউনিয়নে এনসিপি একজন করে প্রার্থীকে সমর্থন দেবে।
শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুর পৌর শহরের ‘সোনার বাংলা’ চাইনিজ রেস্টুরেন্টে জেলা এনসিপির সমন্বয়সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এসব কথা বলেন।
স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে এনসিপির সাংগঠনিক পরিকল্পনার কথা তুলে ধরে সারজিস আলম বলেন, ‘ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে আমাদের সাংগঠনিক শক্তি বাড়ানোর লক্ষ্যে কমিটি গঠন করা অত্যন্ত জরুরি। এ উদ্দেশ্যেই আমরা দেশের বিভিন্ন জেলা সফরে বের হয়েছি। খুব শিগগিরই দেশের প্রতিটি ইউনিয়নে আমাদের শক্তিশালী কমিটি থাকবে এবং আসন্ন স্থানীয় নির্বাচনে প্রতিটি ইউনিয়নে আমরা প্রার্থী ঘোষণা করব।’
চলমান জাতীয় রাজনীতি ও বিএনপি সরকারের ভূমিকার তীব্র সমালোচনা করে সারজিস আলম বলেন, ‘বিএনপি সরকারের ৬ মাস অতিক্রম হলেও তারা প্রধান খাতগুলোতে চরমভাবে ব্যর্থ হয়েছে। বিশেষ করে জ্বালানি সংকট ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি স্পষ্ট। শিল্পকারখানা থেকে কর্মী ছাঁটাই হচ্ছে, বিদ্যুৎ ও গ্যাসের তীব্র সংকট চলছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি মানুষের সীমার বাইরে চলে যাচ্ছে। অথচ বিএনপি সরকার স্বীকার করতে চাইছে না যে তারা ধীরে ধীরে ব্যর্থতার দিকে যাচ্ছে।’
তিনি আরও বলেন, জনগণকে সঙ্গে নিয়ে তাদের দাবিগুলো তুলে ধরতে আমরা বিভাগীয় শহরগুলোতে লংমার্চ নিয়ে যাচ্ছি। বিরোধী দল ও শুভাকাঙ্ক্ষী হিসেবে আমরা তাদের চোখে চোখ রেখে, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে চাই—তারা প্রতিটি জায়গায় ব্যর্থ হচ্ছে এবং মাঠপর্যায়ে মানুষের কাছে ধীরে ধীরে অজনপ্রিয় হয়ে পড়ছে।