Thursday 27 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আমি এখন আর জামিন চাই না— ট্রাইব্যুনালে দীপু মনি

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ আগস্ট ২০২৬ ২০:১৩ | আপডেট: ২৭ আগস্ট ২০২৬ ২০:১৪

ট্রাইব্যুনালে ডা. দীপু মনি। ফাইল ছবি

ঢাকা: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেগঘন বক্তব্য দিয়ে নিজের জামিনের আবেদন প্রত্যাহারের ইচ্ছা প্রকাশ করেছেন সাবেক সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি। স্বামীর মৃত্যুর প্রসঙ্গ টেনে তিনি বলেন, যার জন্য মুক্তি চেয়েছিলেন, তিনি আর বেঁচে নেই। তাই এখন আর জামিনের প্রয়োজন অনুভব করছেন না।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে এ ঘটনা ঘটে। বেঞ্চের অন্য সদস্যরা হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি তদন্তাধীন মামলার কার্যক্রম উপলক্ষ্যে দীপু মনিসহ নিষিদ্ধ কার্যক্রমে থাকা আওয়ামী লীগ সরকারের সাবেক কয়েকজন মন্ত্রী ও সংসদ সদস্যকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। শুনানির এক পর্যায়ে কাঠগড়া থেকে আদালতের অনুমতি নিয়ে বক্তব্য দেন দীপু মনি।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘গত দুই বছর ধরে তিনি কারাগারে রয়েছেন। আগে তার আইনজীবী জামিন আবেদন করলেও এখন তিনি সেই আবেদন আর বহাল রাখতে চান না।’ আদালতের উদ্দেশে তিনি বলেন, ‘এর আগে জামিনের বিষয়ে আদালতের করা মন্তব্যের কথা তার মনে আছে।’

তিনি জানান, দীর্ঘদিন অসুস্থ ও বাকরুদ্ধ অবস্থায় থাকা তার স্বামীকে জীবনের শেষ সময়ে কাছে পাননি। কারাগারে থাকায় স্বামীর শেষ সময়েও পাশে থাকতে না পারার কষ্টের কথাও তুলে ধরেন তিনি। আবেগাপ্লুত হয়ে দীপু মনি বলেন, ৩৯ বছরের জীবনসঙ্গীর সঙ্গে শেষ সময় কাটানোর সুযোগ তিনি পাননি। যার জন্য মুক্তি চেয়েছিলেন, তিনি আর নেই। তাই এখন আর বাসায় ফেরার কোনো তাড়া নেই। যদিও তার সন্তানরা জামিন চান, তবুও তিনি নিজে সেই আবেদন প্রত্যাহার করতে চান।

দীপু মনির বক্তব্যের পর আদালতকক্ষে কিছু সময় নীরবতা বিরাজ করে। পরে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বলেন, ‘তার বক্তব্যে আদালত মর্মাহত। তবে জামিনের মতো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় আদালতকে উভয় পক্ষের বক্তব্যসহ বিভিন্ন দিক বিবেচনায় নিতে হয়।’

এর আগে চলতি বছরের এপ্রিলে দীপু মনির পক্ষে জামিন আবেদন করা হয়েছিল। গত ১৮ আগস্ট তার স্বামীর মৃত্যুর পর তাকে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়। তবে এদিন দীপু মনি জামিন আবেদন প্রত্যাহারের ইচ্ছা প্রকাশ করলেও তার আইনজীবীর সম্মতিতে আবেদনটি আপাতত বিচারাধীন (পেন্ডিং) রাখেন ট্রাইব্যুনাল। এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য আগামী ১৭ সেপ্টেম্বর দিন ধার্য করা হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর