ঢাকা: নাগরিকদের যখন নিজেদের হাতে ঝাড়ু নিতে হয়, তখন বুঝতে হবে প্রশাসন ব্যর্থ— এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী উত্তর আমির ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন।
শুক্রবার (২৮ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরম খাঁ হলে ‘ক্লিন ঢাকা’ কর্মসূচির সর্বশেষ তথ্য ও চলমান পরিস্থিতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, ‘ঢাকা শহরের পরিচ্ছন্নতা রক্ষা সিটি করপোরেশনের দায়িত্ব। কিন্তু নাগরিকদের নিজেদের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযানে নামতে হচ্ছে। প্রতিবছর একই সমস্যা ফিরে আসছে। কাগজে-কলমে অনেক কিছু হলেও মাঠপর্যায়ে তার প্রতিফলন নেই।’
তিনি বলেন, ‘গত কয়েকদিনে স্বেচ্ছাসেবকদের নিয়ে ঢাকা উত্তরের বিভিন্ন এলাকায় রাস্তার পাশ, ড্রেনের মুখ ও খালের ধারে জমে থাকা বর্জ্য অপসারণ করা হয়েছে। একই সঙ্গে সিটি করপোরেশনের বাজেট, জনবল, যানবাহন ও পূর্ণাঙ্গ বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ থাকার পরও কেন বর্জ্য পড়ে থাকে— সে প্রশ্নের জবাব চাওয়া হয়েছে।’
সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘দ্রুত সিটি করপোরেশন নির্বাচন দিতে হবে— এটাই আমাদের পরিষ্কার দাবি। সবার আগে সিটি নির্বাচন চাই।’
নির্বাচন কমিশনের উদ্দেশে তিনি বলেন, ‘মাজাভাঙা নির্বাচন কমিশন আমরা চাই না। কারও পা-চাটা ব্যক্তি হবেন না। চাটাচাটি বাদ দিয়ে সোজা হয়ে দাঁড়ান।’ নির্বাচনে কারচুপি হলে তা মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
‘ক্লিন ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন স্থানে তিন ধরনের বর্জ্য আলাদাভাবে রাখার জন্য বিন স্থাপন করা হয়েছে বলে জানান সেলিম উদ্দিন। সংগৃহীত বর্জ্য পুনর্ব্যবহার করে বিশ্ব সাক্ষরতা দিবস উপলক্ষ্যে কলম ও খাতা তৈরি করে স্কুলগুলোতে দেওয়ার পরিকল্পনার কথাও তিনি জানান।
তিনি বলেন, ঢাকা সিটির দায়িত্ব পেলে ‘ছায়া সিটি করপোরেশন প্রশাসন’ গঠন করে কথায় নয়, কাজের মাধ্যমে কার্যকর নগর ব্যবস্থাপনার নমুনা দেখানো হবে।
প্রেস ব্রিফিংয়ে জামায়াতের কেন্দ্রীয় ও মহানগরী উত্তরের নেতারা উপস্থিত ছিলেন।