Tuesday 04 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

গ্যাসের দাম কমানো না হলে পেট্রোবাংলা ঘেরাও: সেলিম উদ্দিন

স্পেশাল করেসপন্ডেন্ট
৩ আগস্ট ২০২৬ ২০:১৫ | আপডেট: ৩ আগস্ট ২০২৬ ২৩:০৮

– ছবি : সংগৃহীত

ঢাকা: গ্যাসের দাম কমানো না হলে পেট্রোবাংলা ঘেরাও কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের আমীর এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন।

সোমবার (৩ আগস্ট) বিকেলে রাজধানীর উত্তরা রাজউক কলেজে-এর সামনে গণভোটের গণরায় বাস্তবায়ন, গ্যাস সংকট নিরসন ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে জামায়াতে ইসলামী উত্তরা অঞ্চলের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন।

সেলিম উদ্দিন বলেন, গ্যাস ও বিদ্যুতের দাম কমানোর পাশাপাশি বিদ্যুৎ বিলের ‘হিডেন চার্জ’ প্রত্যাহার করতে হবে। এতে সাধারণ মানুষের জীবনযাত্রায় স্বস্তি ফিরবে।

বিজ্ঞাপন

তিনি বলেন, জুলাই আন্দোলনে উত্তরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তার দাবি, এ আন্দোলনের ধারাবাহিকতা ২০১৮ সাল থেকেই শুরু হয়েছিল এবং ওই আন্দোলনে জামায়াতে ইসলামী শিক্ষার্থীদের পাশে ছিল।

আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে তিনি অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে ১ আগস্ট জামায়াতে ইসলামীকে অন্যায়ভাবে নিষিদ্ধ করা হয়েছিল। পাশাপাশি জুলাই আন্দোলনের সময় শিশুদের ওপরও সহিংসতা চালানো হয়েছে বলে দাবি করেন তিনি।

বিএনপি নেতৃত্বাধীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে সেলিম উদ্দিন বলেন, জুলাই সনদ শুধু ঘোষণার মধ্যে সীমাবদ্ধ না রেখে পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে। অন্যথায় ভবিষ্যতে এর পরিণতি ভোগ করতে হতে পারে।

তিনি আরও বলেন, দুর্নীতি শতভাগ নির্মূল করা গেলে দেশের অর্থনীতি ও জনজীবনে ইতিবাচক পরিবর্তন আসবে। রাজধানীবাসীর দুর্ভোগ লাঘবে গ্যাসের মূল্য কমানো, বিদ্যুতের দাম হ্রাস এবং অতিরিক্ত চার্জ প্রত্যাহারের দাবি জানান তিনি। একই সঙ্গে অভিযোগ করেন, সরকার জুলাইয়ের চেতনার কথা বললেও তা বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নিচ্ছে না।

বক্তব্যের শেষদিকে তিনি আগামী ৫ আগস্ট ‘দ্বিতীয় স্বাধীনতার বিজয় দিবস’ উপলক্ষে সকাল ১০টায় পল্টনে সমবেত হওয়ার জন্য দলীয় নেতাকর্মীদের আহ্বান জানান।

সমাবেশ শেষে উত্তরা রাজউক কলেজের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে জসীমউদ্দীন সড়কে গিয়ে শেষ হয়। মিছিলে জামায়াতের ঢাকা মহানগর উত্তরের নায়েবে আমীর ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফাসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর