Friday 28 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জুলাই সনদ বাস্তবায়নে সরকার ব্যর্থ হলে জনগণকে নিয়ে আন্দোলন: গোলাম পরওয়ার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ আগস্ট ২০২৬ ১৯:২৩

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

কুমিল্লা: জুলাই সনদ বাস্তবায়নে সরকার ব্যর্থ হলে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনের সিদ্ধান্ত নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

শুক্রবার (২৮ আগস্ট) দুপুর ১২টার দিকে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের ইউনিট সভাপতি সম্মেলন শেষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

গোলাম পরওয়ার বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে জামায়াতে ইসলামী, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল এতে স্বাক্ষর করেছে। সনদে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে, নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণের পর ১৮০ দিনের মধ্যে তা বাস্তবায়ন করবে। কিন্তু ক্ষমতায় আসার পর সরকার জুলাই সনদ বাস্তবায়নের বিষয়টি থেকে ক্রমেই সরে যাচ্ছে এবং এখন সনদটিকেই অস্বীকার করার চেষ্টা করছে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘আগামী সেপ্টেম্বরে ১৮০ দিনের সময়সীমা পূর্ণ হবে। আমরা আশা করি, সরকার জুলাই সনদ বাস্তবায়নে সংসদে প্রয়োজনীয় অধিবেশন আহ্বান করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে। অন্যথায় দেশের জনগণকে সঙ্গে নিয়ে সনদ বাস্তবায়নের জন্য আন্দোলনে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে।’

বর্তমান সরকার ধীরে ধীরে ফ্যাসিবাদের দিকে এগিয়ে যাচ্ছে—এমন অভিযোগ করে জামায়াতের এই নেতা বলেন, সরকারকে এ পথ থেকে ফিরিয়ে আনতে তারা রাজনৈতিকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

স্থানীয় সরকার প্রসঙ্গে গোলাম পরওয়ার বলেন, ‘সরকার সিটি করপোরেশন, পৌরসভা, জেলা পরিষদসহ বিভিন্ন ক্ষেত্রে দলীয়করণ করছে। প্রশাসক নিয়োগের মাধ্যমে স্থানীয় সরকার পরিচালনা অসাংবিধানিক। জনগণের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে স্থানীয় সরকার পরিচালনার সুযোগ দিতে হবে। স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হলে জনগণের ভোগান্তি অনেকটাই কমে আসবে।’

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, ‘একজন মন্ত্রী রয়েছেন, যিনি প্রায় সব মন্ত্রণালয়ের বিষয়েই বক্তব্য দেন এবং জাতীয় সংসদে বিরোধী দলকে নিয়ে কটূক্তি করেন। অথচ তার নিজের মন্ত্রণালয়ের অধীন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির দিকে যথাযথ নজর নেই।’

সরকারের উন্নয়ন কর্মকাণ্ড নিয়েও প্রশ্ন তুলে গোলাম পরওয়ার বলেন, ‘দেশের জনগণ দৃশ্যমান কোনো উন্নয়ন দেখতে পাচ্ছে না। বিভিন্ন জায়গায় সরকারদলীয় লোকজনের সংঘাত ও মারামারি দেখা যাচ্ছে। একই সঙ্গে উন্নয়ন বরাদ্দে বৈষম্য করা হচ্ছে। বিরোধী দলের সংসদ সদস্যদের নির্বাচনি এলাকাগুলোতে সুষম উন্নয়ন বরাদ্দ দেওয়া হচ্ছে না।’

তিনি বলেন, ‘একজন নির্বাচিত সংসদ সদস্যের নিজ এলাকায় উন্নয়ন কর্মকাণ্ডের উদ্বোধন, ভিত্তিপ্রস্তর স্থাপন ও তদারকি করা স্বাভাবিক বিষয়। কিন্তু বিরোধী দলের সংসদ সদস্যদের এলাকায় সংরক্ষিত নারী সংসদ সদস্যদের উন্নয়ন তদারকির দায়িত্ব দিয়ে নির্বাচিত জনপ্রতিনিধিদের খাটো করা হচ্ছে। বিষয়টি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

গোলাম পরওয়ার বলেন, ‘বিরোধী দলের ১৩ জন সংরক্ষিত নারী সংসদ সদস্য রয়েছেন। সরকার যদি মনে করে সংরক্ষিত নারী সংসদ সদস্যদের দিয়ে উন্নয়ন কর্মকাণ্ড তদারকি করা প্রয়োজন, তাহলে সরকারদলীয় সংসদ সদস্যদের এলাকাতেও বিরোধী দলের নারী সংসদ সদস্যদের একই দায়িত্ব দেওয়া হোক।’

এর আগে, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের ইউনিট প্রতিনিধি সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহান। উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারি বেলাল হোসাইনের সঞ্চালনায় সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জামায়াতের ঢাকা মহানগরী কর্মপরিষদ সদস্য ভিপি সাহাব উদ্দিন, পৌরসভা জামায়াতের আমির মাওলানা ইব্রাহিম, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবদুর রহিম, মজলিসে শূরা সদস্য ডা. মঞ্জুর আহমেদ সাকি, পৌরসভা জামায়াতের সেক্রেটারি মোশারফ হোসেন ওপেলসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

পরে বিকেল ৩টায় কুমিল্লা-নোয়াখালী অঞ্চলের জেলা ও মহানগরীর কর্মপরিষদ সদস্যদের শিক্ষা শিবিরে বক্তব্য দেন অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। এতে সভাপতিত্ব করেন কুমিল্লা-নোয়াখালী অঞ্চলের পরিচালক ও জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম। পরিচালনা করেন অঞ্চল সহকারী পরিচালক ও কুমিল্লা মহানগরী জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদ।

এ সময় কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, অঞ্চল টিম সদস্য আব্দুস সাত্তার ও অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়াও বক্তব্য দেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর