Wednesday 05 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জামায়াতের কারণে হাসিনা প্যারাসুট দিয়ে দেশে নামার সুযোগ খুঁজবেন: রিজভী

সিনিয়র করেসপন্ডেন্ট
৩ আগস্ট ২০২৬ ১৫:২৬ | আপডেট: ৩ আগস্ট ২০২৬ ১৮:০১

বক্তব্য রাখছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ – ছবি : সংগৃহীত

ঢাকা: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, জামায়াতে ইসলামী শেখ হাসিনার পথ অনুসরণ করায় সমাজে বিভেদ ও বিভাজন তৈরি হচ্ছে। এর ফলে শেখ হাসিনা তালি বাজিয়ে প্যারাসুট নিয়ে বাংলাদেশে নামার সুযোগ খুঁজবেন।

সোমবার (৩ আগস্ট) দুপুরে রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে “রক্তঝরা জুলাইয়ে নার্সদের অবদান” শীর্ষক আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রশ্ন রাখেন।

রুহুল কবির রিজভী বলেন, জুলাই বিপ্লবের একটি গভীর দার্শনিক ভিত্তি রয়েছে, যা নাগরিক স্বাধীনতা, বাক স্বাধীনতা এবং নির্ভয়ে বেঁচে থাকার নিশ্চয়তা দেয়। ১৭ বছরের রক্তঝরা আন্দোলনের চূড়ান্ত বহিঃপ্রকাশ ঘটেছে এই জুলাই গণঅভ্যুত্থানে, যেখানে ছাত্রদলসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের শত শত নেতাকর্মী প্রাণ হারিয়েছেন।

বিজ্ঞাপন

শেখ হাসিনা জনগণের রাজনৈতিক ও নাগরিক অধিকার বন্ধ করতে রাষ্ট্রযন্ত্রকে নোংরাভাবে ব্যবহার করেছিলেন- উল্লেখ করে তিনি বলেন, যারা নতুন রাজনীতিতে আসছেন, তাদের রাজনৈতিক সংস্কৃতির উন্নয়ন ঘটাতে হবে এবং সমাজে ঘৃণা ও বিভেদ ছড়ানো বন্ধ করতে হবে, নতুবা স্বৈরাচারের পতন অর্থহীন হয়ে পড়বে।

তিনি আরও বলেন, বিএনপির পক্ষ থেকে শুরু থেকেই কোটা সংস্কার আন্দোলন, শিক্ষার্থীদের কমপ্লিট শাটডাউন ও বাংলা ব্লকেড কর্মসূচিকে পূর্ণ সমর্থন দেওয়া হয়েছিল এবং এই আন্দোলনে রিকশাওয়ালা, শ্রমিকসহ সর্বস্তরের মানুষের জাগরণ পৃথিবীর ইতিহাসে বিরল। বর্তমান সরকার তারেক রহমানের নেতৃত্বে গঠিত হয়েছে এবং সরকার মানবকল্যাণ, নার্সদের পেশাগত মানোন্নয়ন ও ন্যায্য দাবি পূরণে বদ্ধপরিকর।

জুলাই গণঅভ্যুত্থানে নার্সদের ভূমিকা ছিল অনন্য- উল্লেখ করে তিনি বলেন, বিগত স্বৈরাচারী সরকার স্বাস্থ্য খাতকে ধ্বংস করলেও বর্তমান সরকার তা সংস্কারে কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁনসহ নার্সিং অ্যাসোসিয়েশনের নেতারা।

সারাবাংলা/এফএন/এসআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর