Friday 04 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সারাদেশে তাপপ্রবাহ, ঢাকায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা

স্পেশাল করেসপন্ডেন্ট
১০ মে ২০২৫ ১৭:৫১ | আপডেট: ১০ মে ২০২৫ ১৯:১৮

তাপপ্রবাহ। ছবি: সারাবাংলা

ঢাকা: রাজধানী ঢাকাসহ দেশের প্রায় সব জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ। গত ২৪ ঘণ্টায় দেশের চুয়াডাঙায় সর্বোচ্চ তাপমাত্রা ৪১ দশমিক ২ ডিগ্রি রেকর্ড করা হয়েছে। রাজধানী ঢাকায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁই ছুঁই।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, এই পরিস্থিতি থাকতে পারে রোববারও। শনিবার (১০ মে) আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম সই করা পূর্বাভাস বার্তায় বলা হয়েছে, রাজশাহী ও চুয়াডাঙ্গা জেলাগুলোর ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও বরিশাল বিভাগসহ রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশ এবং রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম ও মৌলভীবাজার জেলাগুলোর ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানানো হয়েছে।

বিজ্ঞাপন

এদিকে গত ২৪ ঘণ্টায় দেশের চুয়াডাঙায় সর্বোচ্চ তাপমাত্রা ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আর রাজধানী ঢাকার তাপমাত্রা ছিল ৩৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া দেশের অন্তত ১০ জেলার তাপমাত্রা ছিল ৩৯ ডিগ্রি সেলসিয়াস।

টানা পাঁচ দিনের জন্য প্রকাশ করা পূর্বাভাসে আরও বলা হয়, রোববার (১১ মে) দেশের কয়েক স্থানে বৃষ্টি হতে পারে। সেখানে বলা হয়, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এদিন সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপামাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। সারাদেশে চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

সোমবারের (১২ মে) পূর্বাভাস বলছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়াগায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। ওইদিন সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। চলমান তাপপ্রবাহ কিছু কিছু জায়গায় থেকে প্রশমিত হতে পারে।

তবে মঙ্গলবার (১৩ মে) সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এদিন সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বুধবার (১৪ মে) ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থা বলছে, বৃষ্টি/বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।

সারাবাংলা/জেআর/ইআ
বিজ্ঞাপন

আরো