Sunday 06 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘এই মুহূর্তে দেশ ও বন্দর রক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়’

স্পেশাল করেসপন্ডেন্ট
২৫ মে ২০২৫ ১৬:৫৪ | আপডেট: ২৫ মে ২০২৫ ১৭:৫৮

জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

ঢাকা: ‘এই মুহূর্তে দেশ ও বন্দর রক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়’ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

রোববার (২৫ মে) দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল বিদেশিদের হাতে তুলে দেওয়ার প্রতিবাদে এ সভা আয়োজন করে ‘দেশ বাঁচাও, বন্দর বাঁচাও’ আন্দোলন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘বন্দর চালানোর মতো লোক যদি দেশে না থাকে, তাহলে বিদেশ থেকে আমরা এক্সপার্ট আনতে পারি। যেমনটি গার্মেন্টস শিল্প উন্নয়নে বিদেশের সহযোগিতা নেওয়া হয়েছিল। সুতরাং চট্টগ্রাম বন্দর কোনোভাবেই বিদেশিদের দেওয়া যাবে না। এই মুহুর্তে দেশ ও বন্দর রক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘দেশে তো দুর্নীতি কমেনি বরং বেড়েছে। কারণ হাসিনার আমলের দুর্নীতিবাজ কর্মকর্তারা এখনো রয়ে গেছে। এই সরকার তো দুর্নীতি রোধে হাত দেয়নি! কয়জনকে ধরা হয়েছে? ধরার উদ্যোগ নেয়নি। এমনকি বিচারও করেনি।’

গয়েশ্বর বলেন, ‘আমরা ৩১ দফা নিয়ে আন্দোলনে আছি। মাঝখানে যুগপৎ আন্দোলন শুরু হয়। এরপর ছাত্ররাও আসেন। অর্থাৎ সংস্কার নিয়ে আমরা তো একমত আছি। বৃহত্তর রাজনৈতিক দলগুলো তো একমত। তাদেরকে ডেকে পরামর্শ নিয়ে সংস্কারের পথ ত্বরান্বিত করেন।’

তিনি বলেন, ‘আজকে দেশ বাঁচাতে গিয়ে সবাই গণতন্ত্রের প্রশ্নে একমত। আমরা চাই ড. ইউনূস সফল হোক। তিনি সফল মানে তো জুলাই অভ্যুত্থানের সফলতা। আজকে ছাত্ররা ডেইলি সচিবালয়ে যায় কেন? ওসির টেবিলের সামনে বসে থাকে কেন? আমাদেরকে অন্য কিছু মনে করবেন না। তবে আমরা লড়াই করা জাতি। গণতন্ত্র, জনগণের মৌলিক ভোটাধিকার নিশ্চিত হওয়ার আগে যেন আমার মৃত্যু না দেয়।’

বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদার সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান চেয়ারম্যান ও ‘দেশ বাঁচাও, বন্দর বাঁচাও’ আন্দোলনের সমন্বয়ক শাহাদাত হোসেন সেলিম।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) বজলুর রশিদ ফিরোজ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক প্রমুখ।

সারাবাংলা/এজেড/এসডব্লিউ
বিজ্ঞাপন

ঘরে পিঁপড়ার উপদ্রব? জানুন সমাধান
৬ সেপ্টেম্বর ২০২৬ ১৭:৪৪

আরো