Saturday 15 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পরিবারের কাছে টাকা না পেয়ে গলায় ফাঁস: বেরোবি শিক্ষার্থীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ এপ্রিল ২০২৬ ০৯:৩৯ | আপডেট: ৫ এপ্রিল ২০২৬ ১১:৪১

মো. আজিমুল ইসলাম।

রংপুর: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের তৃতীয় বর্ষের (২০২২-২৩ সেশন) শিক্ষার্থী মো. আজিমুল ইসলাম (২৪) পরিবারের কাছে টাকা চেয়ে না পেয়ে অভিমানে আত্মহত্যার চেষ্টা করে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শনিবার (৪ এপ্রিল) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

পারিবারিক সূত্র জানায়, গত ২ এপ্রিল (বৃহস্পতিবার) আজিমুল গ্রামের বাড়িতে গিয়ে বাবার কাছে বড় অঙ্কের টাকা দাবি করেন। পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে বাবা টাকা দিতে না পারায় অভিমান করে নিজ কক্ষে গলায় দড়ি দিয়ে ফাঁস দেন। পরিবারের সদস্যরা টের পেয়ে দ্রুত রশি কেটে তাকে উদ্ধার করেন। প্রথমে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দুই দিন চিকিৎসাধীন থাকার পর শনিবার (৪ এপ্রিল) সকালে তিনি মারা যান।

বিজ্ঞাপন

মৃত্যুর খবর পেয়ে বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান হাসপাতালে গিয়ে পরিবারের সঙ্গে কথা বলেন। তিনি জানান, গ্রামের বাড়িতে আজিমুলের জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে।

আজিমুল ইসলাম কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার বাসিন্দা ছিলেন। শিক্ষার্থী হিসেবে তিনি নিয়মিত ক্লাস করতেন এবং সহপাঠীদের মধ্যে পরিচিত ছিলেন। তার অকাল মৃত্যুতে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমেছে।

সম্প্রতি বেরোবিতে শিক্ষার্থীদের আত্মহত্যার ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। গত দুই মাসে এটি অন্তত তৃতীয় ঘটনা বলে স্থানীয় সূত্র জানিয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং শিক্ষকরা শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের প্রতি আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন, আর্থিক সংকট, পারিবারিক চাপ এবং শিক্ষাজীবনের নানা চাপের কারণে অনেক শিক্ষার্থী মানসিকভাবে ভেঙে পড়েন। এ ধরনের ঘটনা রোধে কাউন্সেলিং সেবা জোরদার করা, আর্থিক সহায়তা বৃদ্ধি এবং পরিবার-শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ বাড়ানো জরুরি।

আজিমুলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তার সহপাঠী ও শিক্ষকরা। তারা বলছেন, আর্থিক সমস্যা যেন কোনো শিক্ষার্থীর জীবন কেড়ে না নেয়, সেজন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর