Wednesday 01 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাহজালাল বিমানবন্দরের গুদামে জমে থাকা পণ্য  নিলা‌মে

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ জুন ২০২৬ ১৫:১৪ | আপডেট: ১৮ জুন ২০২৬ ১৬:৫০

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) – ফাইল ছবি

ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ারফ্রেইট ইউনিট, এক্সপ্রেস সার্ভিস ইউনিট ও রাষ্ট্রীয় গুদামে রক্ষিত বিভিন্ন ধরনের পণ্য বিক্রির জন্য বিশেষ ই-নিলামের উদ্যোগ নিয়েছে ঢাকা কাস্টমস হাউস।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বৃহস্পতিবার(১৮ জুন) এ সংক্রান্ত এক প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমানবন্দরের কার্যক্ষমতা বৃদ্ধি, নিরাপত্তাজনিত ঝুঁকি হ্রাস, ভৌত ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা এবং রাষ্ট্রীয় সম্পদের অপচয় রোধের লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। পণ্যগুলো ‘যেখানে যে অবস্থায় আছে’ ভিত্তিতে নিলামে বিক্রি করা হবে।

এনবিআর-এর বিশেষ আদেশ নং-২৬/২০২৬/কাস্টমসের নির্দেশনা অনুযায়ী, সংরক্ষিত মূল্যের বাধ্যবাধকতা ছাড়াই প্রথম নিলামে কোনো লটের ক্ষেত্রে প্রাপ্ত দরগুলোর মধ্যে সর্বোচ্চ দরদাতার কাছেই সংশ্লিষ্ট পণ্য বিক্রি করা হবে।

বিজ্ঞাপন

আগ্রহী ক্রেতারা ১৮ জুন সকাল ৯টা থেকে ২ জুলাই দুপুর ১টা পর্যন্ত ই-অকশন ওয়েবসাইটে নিবন্ধন বা লগইন করে দরপত্র জমা দিতে পারবেন। নিলাম কার্যক্রম সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে পরিচালিত হবে। তবে অনলাইন বিডের পাশাপাশি জামানতের পে-অর্ডার ও প্রয়োজনীয় কাগজপত্র নির্ধারিত দরপত্র বাক্সে জমা দিতে হবে।

বিডারদের জন্য সরেজমিনে পণ্য পরিদর্শনের সুযোগও রাখা হয়েছে। সর্বোচ্চ দরদাতাদের আমদানি নীতি আদেশ ২০২১-২০২৪-এর প্রযোজ্য শর্ত পূরণ সাপেক্ষে পণ্য খালাস নিতে হবে।

ই-অকশনে অংশগ্রহণকারী বিডারদের তথ্য আগামী ২ জুলাই বিকেল ৩টায় কাস্টমস হাউস ঢাকার সম্মেলন কক্ষে প্রকাশ করা হবে।

এনবিআর জানিয়েছে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কর্মক্ষমতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের নিলাম কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর