কক্সবাজার: কক্সবাজারের পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়নে ৯ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। এ সময় শিশুটির একটি দাঁত উপড়ে ফেলা হয়েছে।
৩ জুলাই (শুক্রবার) সকাল ১১টার দিকে টৈটংয়ের ৯ নম্বর ওয়ার্ডের লেইনের শিরা এলাকায় এ ঘটনা ঘটে। স্বজনরা তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।খবর পেয়ে পেকুয়া থানা পুলিশ বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন। শিশুটি স্থানীয় একটি নুরানী মাদরাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানাগেছে, শিশুটি বাড়ির পাশে তার নানার বাড়িতে যাচ্ছিল। এ সময় লাইনের শিরা এলাকার বাসিন্দা নবী হোসেনের ছেলে আব্দুল করিম তাকে ফুসলিয়ে তার বাড়িতে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষের চেষ্টা চালায়। করিমের বাড়িতে এ সময় তিনি ছাড়া পরিবারের আর কোন সদস্য ছিল না। এ সময় মেয়েটি চিৎকার করলে হাত দিয়ে মুখ ও গলা চেপে ধরে। এমনকি শিশুটির একটি দাঁত উপড়ে ফেলে। শিশুটি করিমকে হাতে কামড় দিয়ে কৌশলে পালিয়ে যান। করিম পেশায় একজন সিএনজি চালক ও দুই সন্তানের জনক।
শিশুটির নানি সেতেরা বেগম বলেন, ‘আমার নাতনি প্রায় সময় আমার বাড়িতে আসা যাওয়া করে। আজ সকাল সাড়ে ১১টার দিকে কান্নারত অবস্থায় আমার কাছে আসে। তখন তার মুখ রক্তাক্ত এবং গালার নিচে আঘাতের চিহ্ন। সে তখন জ্ঞান হারানোর মত অবস্থায়৷ পরে আবার মাথায় পানি ঢেলে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।’
পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি৷ তবে এখনো পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়নি।’
পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মোজাম্মেল হোসেন বলেন, ‘শিশুটির পরিবার ধর্ষণ চেষ্টার অভিযোগ তুলেছেন। আমরা প্রাথমিকভাবে গলার নিচে এবং মুখে আঘাতের চিহ্ন পেয়েছি। বাকিটা টেস্ট করার পর বুঝা যাবে।’
এ বিষয়ে অভিযুক্ত আবদুল করিম বলেছেন, ‘এটি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র।’