Thursday 09 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যৌতুকের দাবিতে স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামীর যাবজ্জীবন

স্টাফ করেসপন্ডেট
৯ জুলাই ২০২৬ ১৬:২১

ঢাকা: ঢাকার কেরানীগঞ্জে যৌতুকের দাবিতে স্ত্রী শাহানুর আক্তারকে গলা কেটে হত্যার দায়ে স্বামী মো. জাহাঙ্গীর আলমকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাভোগ করতে হবে।

বৃহস্পতিবার (৯ জুলাই) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪-এর বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. এরশাদ আলম জর্জ।

মামলার নথি থেকে জানা যায়, প্রথম স্বামীর মৃত্যুর পর প্রায় ১১ থেকে ১২ বছর আগে শাহানুর আক্তার দ্বিতীয়বার মো. জাহাঙ্গীর আলমকে বিয়ে করেন। তারা কেরানীগঞ্জ মডেল থানার খালপাড় এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। জাহাঙ্গীর দিনমজুরির পাশাপাশি বিভিন্ন বাড়ি থেকে ময়লা সংগ্রহের কাজ করতেন। তিনি নিয়মিত নেশা করতেন এবং স্ত্রীর কাছে যৌতুক দাবি করতেন। এ নিয়ে দাম্পত্য জীবনে প্রায়ই বিরোধ সৃষ্টি হতো।

বিজ্ঞাপন

২০১৮ সালের ১৯ নভেম্বর রাতে যৌতুকের টাকা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বাকবিতণ্ডা হয়। পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে বিষয়টি মীমাংসা করলে রাতের খাবার শেষে তারা নিজ নিজ কক্ষে ঘুমাতে যান। পরদিন সকালে শাহানুরের মেয়ে মাকে ডাকতে গিয়ে দেখতে পান, কক্ষের দরজা বাইরে থেকে আটকানো। পরে ভাইকে নিয়ে দরজা খুলে খাটের ওপর কাঁথা দিয়ে ঢাকা অবস্থায় শাহানুরের গলাকাটা রক্তাক্ত মরদেহ দেখতে পান। ঘটনার পর জাহাঙ্গীর আলমকে বাড়িতে পাওয়া যায়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় ২০১৮ সালের ২০ নভেম্বর শাহানুরের ভাই জামাল উদ্দিন কেরানীগঞ্জ মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম ২০১৯ সালের ১৪ জুন জাহাঙ্গীর আলমকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

পরবর্তীতে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার কার্যক্রম শুরু হয়। বিচার চলাকালে ট্রাইব্যুনাল ছয়জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ডের এই রায় দেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর