ঢাকা: রাজধানীর কামরাঙ্গীচরে ২০০৬ সালে যৌতুকের দাবিতে গরম পানি ঢেলে স্ত্রীকে হত্যার ঘটনায় স্বামী মো. সানাউল্লাহকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ডও করা হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪-এর বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ রায় ঘোষণা করেন।
ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) এরশাদ আলম জর্জ জানান, রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি সানাউল্লাহ আদালতে উপস্থিত ছিলেন।
মামলার অভিযোগ অনুযায়ী, ২০০৬ সালের ৫ মে যৌতুকের দাবিতে স্ত্রী রুবিনা আক্তার পিংকিকে মারধর করেন সানাউল্লাহ। একপর্যায়ে কেরোসিনের চুলায় গরম করা ফুটন্ত পানি তার শরীরে ঢেলে দেন। এতে পিংকির শরীরের বিভিন্ন অংশ মারাত্মকভাবে ঝলসে যায়।
পরে তার চিৎকার শুনে স্থানীয়রা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ ঘটনায় নিহতের মা রাবিয়া আক্তার কামরাঙ্গীচর থানায় সানাউল্লাহসহ ১০ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
তদন্ত শেষে একই বছরের ২০ নভেম্বর কামরাঙ্গীচর থানার উপ-পরিদর্শক গোলাম মোস্তফা আদালতে অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্রে সানাউল্লাহ ছাড়া অন্য আসামিদের বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক প্রমাণ না পাওয়ায় তাদের অব্যাহতির সুপারিশ করা হয়।
বিচার চলাকালে রাষ্ট্রপক্ষ মোট ৯ জন সাক্ষীর সাক্ষ্য উপস্থাপন করে। সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত সানাউল্লাহকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ডের রায় দেন।