ঢাকা: রাজধানীর পোস্তগোলা ব্রিজের উপরে ট্রাক ধাক্কায় মোটরসাইকেল চালক হুমায়ুন কবির (২৩) নামে এক যুবক মারা গেছে। সে ডিপার্টমেন্টাল স্টোরের কর্মচারীর ছিল। এই ঘটনায় তার বন্ধু সোহেল (২২) আহত হয়েছেন।
শুক্রবার (১০ জুলাই) ভোর সারে ৪টার দিকে পোস্তগোলা ব্রিজের উপরে ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভগে নিয়ে গেলে চিকিৎসক সকাল ৬টার দিকে হুমায়ুনকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে হুমায়ুন কবিরের বন্ধু আরিফুল ইসলাম বাপ্পী জানান, তারা কলাবাগান ঢালিবাড়ি এলাকায় থাকেন। হুমায়ুন একটি ডিপার্টমেন্টাল স্টোরে কাজ করতেন। তারা ১০ থেকে ১২ জন বন্ধু মিলে মোটরসাইকেল যোগে মাওয়া ঘাটে ঘুরতে যায়। সেখান থেকে ঢাকায় ফিরছিলেন। পোস্তগোলা ব্রিজের উপর আসলে একটি ট্রাক হুমায়ুনের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে হুমায়ুন ও সোহেল রাস্তায় ছিটকে পরে আহত হয়। তাদের দুজনকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে হুমায়ুনকে চিকিৎসক মৃত বলে জানান।
মৃত হুমায়ুন কবিরের বাড়ি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার ভাওয়াল গ্রামে। বাবার নাম রহমান। বর্তমানে কলাবাগান নালিভার এলাকায় থাকতেন।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে। আহত সোজেলকে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।