চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কাটাখালী গ্রামের মাঠে নিজের জমিতে সার দিতে গিয়ে নিখোঁজ হওয়া হাসেম আলী (৬০) নামে এক কৃষকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের একদিন পর শুক্রবার (২৪ জুলাই) সকাল ১১টার দিক মরদেহটি উদ্ধার করা হয়।
মৃত হাসেম আলী আলমডাঙ্গা উপজেলার ওসমানপুর গ্রামের রুস্তম আলীর ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে নিজের জমিতে সার দেয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে কাটাখালী মাঠে যান হাসেম আলী। এরপর থেকে তিনি আর বাড়ি ফিরে আসেননি। সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেলেও তিনি ঘরে না ফেরায় পরিবারের সদস্যরা চিন্তিত হয়ে পড়েন। রাতে সম্ভব্য সকল স্থান ও আত্মীয়স্বজনের বাড়িসহ মাঠে অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি। এদিন সকালে স্থানীয় কৃষকরা কাটাখালী মাঠে হাসেম আলীর মরদেহ পড়ে থাকতে দেখে তার পরিবার ও পুলিশকে খবর দেয়। পরে আলমডাঙ্গা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। নিখোঁজ হাসেম আলীর শরীরের কিছু অংশ শেয়াল বা অন্য কোনো হিংস্র প্রাণী খেয়ে ফেলেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ ও স্থানীয়রা।
বিষয়টি নিশ্চিত করে আলমডাঙ্গা থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বাণী ইসরাঈল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে এটি সাধারণ কোনো দুর্ঘটনা, বন্য প্রাণীর আক্রমণ নাকি এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে-তা খতিয়ে দেখছে পুলিশ। তদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা সম্ভব হবে বলে তিনি জানান।