ঢাকা: তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, সরকারের লক্ষ্য শুধু বিনা খরচে বিশ্বকাপ ফুটবল সম্প্রচার করা নয়, বরং ভবিষ্যতে এটিকে দেশের জন্য একটি লাভজনক আয়বর্ধক উদ্যোগে পরিণত করা। বিজ্ঞাপনের বিশাল বাজারকে কাজে লাগিয়ে আগামী বিশ্বকাপ থেকে সরকার যেন রাজস্ব অর্জন করতে পারে, সে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
রোববার (২৬ জুলাই) তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিশ্বকাপ ফুটবল সফলভাবে সম্প্রচারের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে ধন্যবাদ জানানোর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, এবারের বিশ্বকাপ দেশের মানুষকে দেখাতে সরকারকে কোনো রাজস্ব ব্যয় করতে হয়নি। এটি সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নির্দেশনা, সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সমন্বয় এবং বিটিভিসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের অক্লান্ত পরিশ্রমের কারণে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শুরু থেকেই নির্দেশ দিয়েছিলেন, দেশের মানুষকে বিশ্বকাপ ফুটবল থেকে বঞ্চিত করা যাবে না। একই সঙ্গে তিনি সরকারি অর্থ ব্যয় না করে বিকল্প উপায়ে সম্প্রচারের ব্যবস্থা করার নির্দেশনা দেন। সেই নির্দেশনার সফল বাস্তবায়নের ফলেই কোনো সরকারি অর্থ ব্যয় ছাড়াই বিশ্বকাপ সম্প্রচার সম্ভব হয়েছে। দেশের সব ধরনের সৃজনশীল অর্জন ও ইতিবাচক কর্মকাণ্ড দেশবাসী এবং বিশ্ববাসীর সামনে তুলে ধরার দায়িত্ব তথ্য মন্ত্রণালয় ভবিষ্যতেও আন্তরিকতার সঙ্গে পালন করবে।
এ সময় বিশ্বকাপ সম্প্রচারে সহযোগিতার জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রতিমন্ত্রী আমিনুল হক তথ্য ও সম্প্রচার মন্ত্রী, প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা, মন্ত্রণালয়ের সচিব, বিটিভির মহাপরিচালক, সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রতি কৃতজ্ঞতা জানান।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের প্রশংসা করে তথ্যমন্ত্রী বলেন, অল্প সময়ের মধ্যেই তিনি দেশের ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছেন। তার নেতৃত্বে দেশের ক্রীড়া নতুন উচ্চতায় পৌঁছাবে বলে তিনি আশা প্রকাশ করেন। খেলাধুলার সঙ্গে তরুণদের সম্পৃক্ত করা গেলে তাদের সুস্থ মানসিক বিকাশ ঘটবে, দক্ষ মানবসম্পদ তৈরি হবে এবং মাদকসহ বিভিন্ন অপসংস্কৃতি থেকে যুবসমাজকে দূরে রাখা সম্ভব হবে। পাশাপাশি খেলাধুলাকে একটি সম্মানজনক পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রেও বর্তমান সরকার কাজ করছে।
তথ্যমন্ত্রী আরও বলেন, বিশ্বকাপ ফুটবল প্রমাণ করেছে যে ক্রীড়া শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি বিশ্বজুড়ে একটি বড় অর্থনৈতিক খাত। তাই ভবিষ্যতে বিশ্বকাপ সম্প্রচারকে লাভজনক উদ্যোগে রূপ দিতে গণমাধ্যমের সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।