Wednesday 01 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কেইন ঝড়ে শেষ ষোলোর টিকিট কাটল ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক
২ জুলাই ২০২৬ ০৩:০৮

অধিনায়ক কেইনের জোড়া গোলে শেষ ষোলোর টিকিট কাটল ইংল্যান্ড। ছবি

বিশ্বকাপের নকআউটে অঘটনের ঝড় থাকবেই। এবার সেই ঝড়ের মুখে পড়েছিল ইংল্যান্ড। তবে শেষ মুহূর্তে সেখান থেকে উদ্ধার পেয়েছে থমাস টুখেলের দল। ম্যাচ শুরুর ছয় মিনিটের মাথায় ডিআর কঙ্গোর গোলে পিছিয়ে পড়ে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। আটলান্টায় কঙ্গোর অ্যারন ওয়ান-বিসাকার ক্রস থেকে ব্রায়ান সিপেঙ্গা গোল করে বসেন। বিশ্বকাপের নকআউট পর্বে ডিআর কঙ্গোর প্রথম গোলেই তৈরি হয় বড় চমকের সম্ভাবনা। দীর্ঘ সময় ধরে সমতা ফেরাতে হিমশিম খাওয়া ইংল্যান্ডকে শেষ পর্যন্ত বাঁচান হ্যারি কেইন।

শেষ বত্রিশের লড়াইয়ে অধিনায়কের জোড়া গোলে ডিআর কঙ্গোকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলোয় উঠল ইংল্যান্ড। তবে পুরো ম্যাচটাই ছিল নাটকীয়। শুরু থেকেই দ্রুত আক্রমণে নামে ডিআর কঙ্গো। মাত্র ছয় মিনিটেই এগিয়ে যায় তারা। ডি-বক্সের বাঁ দিক থেকে দারুণ এক ডান পায়ের শটে বল জালে পাঠান ব্রায়ান সিপেঙ্গা। এতে রীতিমতো চমকে যায় ইংল্যান্ড।

বিজ্ঞাপন

গোল খাওয়ার পর কঙ্গো জমাট রক্ষণে নেমে পড়ে। ইংলিশ আক্রমণ যেন কিছুটা দিশেহারা হয়ে পড়ে। এরই মধ্যে একটি ভয়াবহ মুহূর্ত আসে ইংল্যান্ডের জন্য। ডান পাশ থেকে ওয়ান-বিসাকার ক্রস ইংলিশ ডিফেন্ডারের গায়ে লেগে চলে যায় ইয়োনে উইসার কাছে। তার প্রথম স্পর্শের শট গোলরক্ষককে ফাঁকি দিলেও বারপোস্টে লেগে বাইরে চলে যায়। হাঁফ ছেড়ে বাঁচে ইংল্যান্ড।

বিরতির কিছু আগে পেনাল্টির জন্য আবেদন করেন কেইন। গোলরক্ষক লিওনেল এমপাসিকে একা পেয়ে বক্সে ঢুকে পড়েন তিনি। গোলরক্ষক এগিয়ে এসে জায়গা ছোট করে দেন, কেইনের গায়ে লেগে বল বাইরে চলে যায় এবং কেইন মাটিতে পড়ে যান। রেফারি শুরুতে কান না দিলেও ভিএআর পর্যন্ত গড়ায় বিষয়টা। তবে ভিএআরেও দেখা যায়, পেনাল্টি হওয়ার মতো যথেষ্ট স্পর্শ হয়নি। পেনাল্টি মেলেনি।

ফলে বিরতিতে ০-১ গোলে পিছিয়ে থেকেই মাঠ ছাড়তে হয় টুখেলের দলকে। দ্বিতীয়ার্ধে ৭৪ মিনিটে সমতা ফেরান কেইন। বাঁ পাশ থেকে অ্যান্থনি গর্ডনের ক্রসে মাথা ছুঁইয়ে বল জালে পাঠান ইংল্যান্ড অধিনায়ক। এর পর ম্যাচ অতিরিক্ত সময়ের দিকে গড়াচ্ছিল। ৯০ মিনিটের মাত্র পাঁচ মিনিট বাকি থাকতে আবার মাঠ মাতান কেইন। গর্ডন বক্সের সামনে তাকে পাস দেন। বক্সে ঢুকে ডান পাশে সামান্য ফাঁকা জায়গা পান কেইন। গোলপোস্ট তখন তার দৃষ্টির বাইরে থাকলেও শটটা ঠিকই জালে জড়িয়ে যায়।

খেলার শেষ মুহূর্তে জয়সূচক গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় ইংল্যান্ড। শেষমেশ ২-১ ফলেই শেষ হয় ম্যাচ। ডিআর কঙ্গোর হৃদয় ভেঙে শেষ ষোলোর টিকিট কাটে ইংল্যান্ড। পরের ম্যাচে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা মুখোমুখি হবে মেক্সিকোর।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর