ঢাকা: চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার ঘটনায় সাংবাদিক আনিস আলমগীর, চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ সাংস্কৃতিক অঙ্গনের ২৮ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করা হয়েছে।
রোববার (২৬ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলামের কাছে ‘রাষ্ট্র সংলাপ ফোরাম’ (এসডিএফ)-এর পক্ষ থেকে এ অভিযোগ জমা দেন সংগঠনটির কেন্দ্রীয় সদস্য সচিব আল নূর মোহাম্মদ আয়াস।
অভিযোগে যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন— চিত্রনায়ক রিয়াজ আহমেদ, অভিনেত্রী অরুণা বিশ্বাস, শমী কায়সার, রোকেয়া প্রাচী, মাহিয়া মাহি, নিপুণ আক্তার, তানভীন সুইটি, হৃদি হক, জ্যোতিকা জ্যোতি, অভিনেতা সাজু খাদেম, সোহানা সাবা, পিয়া জান্নাতুল, শামীমা তুষ্টি, হিরো আলম, আশনা হাবীব ভাবনা, সাইমন সাদিক, সুজাতা আজিম, জায়েদ খান, আজিজুল হাকিম, চন্দন রেজা, আসাদুজ্জামান নূর, মারিয়া কিসপট্টা, শান্তা ফারজানা, মোমিন মেহেদী ও সোমা ইসলাম।
অভিযোগপত্রে বলা হয়েছে, জুলাই গণ-অভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ, গণহত্যায় প্ররোচনা, সহযোগিতা, উসকানি কিংবা সংশ্লিষ্ট বিভিন্ন অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। এসব অভিযোগের বিষয়ে নিরপেক্ষ, স্বচ্ছ ও আইনানুগ তদন্তের স্বার্থে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে অভিযোগ দাখিল করা হয়েছে।
অভিযোগ দাখিলের পর আল নূর মোহাম্মদ আয়াস সাংবাদিকদের বলেন, অভিযুক্তদের মধ্যে কয়েকজন এখনো জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে বিভিন্নভাবে কটাক্ষ করছেন। তার দাবি, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরও তারা বিভিন্ন পরিচয়ে জনপরিসরে সক্রিয় হওয়ার চেষ্টা করছেন। এসব বিষয়ে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে যথাযথ তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।