ঢাকা: ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন আলোচনায় বসবেন মঙ্গলবার (২৮ জুলাই)।
সোমবার (২৭ জুলাই) ইসি কর্মকর্তারা বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন।
জানা গেছে, মঙ্গলবার (২৮ জুলাই) বেলা ১১টায় বাংলাদেশ জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার নেতৃত্বে নির্বাচন কমিশনের সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে জাতীয় সংসদে স্পিকারের সঙ্গে আলোচনা করার জন্য সময় চেয়েছিল নির্বাচন কমিশন (ইসি)।
সংসদ সচিবকে পাঠানো ইসি সচিব আখতার আহমেদের চিঠিতে উল্লেখ করা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গত ২৪ জুলাই স্বীয় পদ হতে পদত্যাগ করেছেন। সংবিধানের ১২৩ অনুচ্ছেদের দফা ২-এর বিধান অনুসারে রাষ্ট্রপতি পদ হতে পদত্যাগের কারণে উক্ত পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে তা পূর্ণ করার জন্য নির্বাচন অনুষ্ঠান করতে হবে।
রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১ এর ৫ ধারার (২) ও (৩) উপ-ধারার বিধান অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনের জন্য স্পিকারের সাথে সানুগ্রহ আলোচনাক্রমে নির্বাচন কমিশনকে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল সরকারি গেজেটে প্রজ্ঞাপন জারির মাধ্যমে ঘোষণা করতে হবে। এ বিষয়ে স্পিকার কর্তৃক নির্ধারিত সুবিধাজনক তারিখ ও সময়ে প্রধান নির্বাচন কমিশনারের সাক্ষাতের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।
এতে আরও বলা হয়েছে, সাক্ষাতের সময় প্রধান নির্বাচন কমিশনার-এর সঙ্গে নির্বাচন কমিশনাররা এবং নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব উপস্থিত থাকবেন। এছাড়াও, নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব মোহাম্মদ মনির হোসেন ও প্রধান নির্বাচন কমিশনারে (সিইসি) একান্ত সচিব মোহাম্মদ আশ্রাফুল আলম সহযোগী কর্মকর্তা হিসেবে স্পিকারের দফতরে অবস্থান করবেন।