ঢাকা: দীর্ঘ সাড়ে পাঁচ মাস দেশ ও দেশের বাইরে উন্নত চিকিৎসা শেষে জাতীয় সংসদে উপস্থিত হয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, ঢাকা-৮ আসনের সংসদ সদস্য এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদের বৈঠকে তিনি হুইলচেয়ারে করে যোগ দেন। এ সময় সংসদের স্পিকার ও সহকর্মী সংসদ সদস্যরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।
সংসদ অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানিয়ে বলেন, ‘মাননীয় সংসদ সদস্য মির্জা আব্বাস দীর্ঘ সাড়ে পাঁচ মাস পর চিকিৎসা শেষে আপনি সংসদে উপস্থিত হয়েছেন, আপনাকে স্বাগত জানাচ্ছি।’
স্পিকারের এমন আন্তরিক আহ্বানে মির্জা আব্বাসও আসন থেকে হাত নেড়ে তার শুভেচ্ছা গ্রহণ করেন। এ সময় তার পাশে থেকে প্রয়োজনীয় সহযোগিতা করেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য মো. আমানউল্লাহ আমান।
এর আগে, গত বুধবার (২ সেপ্টেম্বর) রাতে সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় দীর্ঘ চিকিৎসা সম্পন্ন করে পত্নী আফরোজা আব্বাসকে সঙ্গে নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান মির্জা আব্বাস। পারিবারিক ও দলীয় মিডিয়া সেল সূত্রে জানা যায়, কুয়ালালামপুরের স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় তাকে বহনকারী বিমানটি ঢাকার উদ্দেশে যাত্রা করেছিল।
উল্লেখ্য, গত ১১ মার্চ ইফতারে পানি পান করার সময় হঠাৎ করে জ্ঞান হারিয়ে ফেলেন মির্জা আব্বাস। শারীরিক অবস্থার দ্রুত অবনতি হওয়ায় গভীর রাতেই তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে চিকিৎসকদের পরামর্শে ১৫ মার্চ উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রয়োজনীয় চিকিৎসা শেষে তাকে মালয়েশিয়ায় স্থানান্তর করা হয়েছিল।