ভোলা: ক্ষমতাচ্যুত ও দেশত্যাগ করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আসছেন- সাম্প্রতিক সময়ের এমন আলোচনাকে দল টিকিয়ে রাখার জন্য একটা রাজনৈতিক কৌশল, এর কোনো বাস্তবতা নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ও ভোলা-১ সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।
সোমবার (২৭ জুলাই) দিনব্যাপী ভোলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড, মেঘনার ভাঙ্গন কবলিত এলাকাবাসী এবং ধনিয়া, বাপ্তা ও আলীনগর ইউনিয়নের মাদরাসা বাজারে খাল খনন কর্মসূচির সরেজমিন পরিদর্শনে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

ভাঙ্গন কবলিত শিবপুর এলাকা পরিদর্শন ও ধনিয়া, বাপ্ত ও আলীনগর খাল খনন কর্মসূচি পরিদর্শন করেন সংসদ সদস্য আন্দালিব পার্থ।
পার্থ বলেন, ‘জুলাইকে অস্বীকার করে দেশে আসা তো দূরের কথা রাজনীতিতে ফিরে আসাও আমার মনে হয় অনেক কঠিন হয়ে যাবে। জুলাই মাসে দাঁড়িয়ে বলছি, জুলাইয়ের এই সময়ে আমরা রিমান্ডে ছিলাম। যে রক্ত,আত্নত্যাগ, এখনকার মানুষের যে মাইন্ডসেট সেখানে জুলাইকে অস্বীকার করে রাজনীতির কথা চিন্তা করাও কঠিন।’
এ সময় ভোলা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজল কুমার দাস,ভোলা-১ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. জিয়া উদ্দিন আরিফ, ভোলা জেলা বিজেপি সভাপতি আমিনুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক মোতাছিন বিল্লাহসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এর আগে, তিনি ভোলা সদর উপজেলার নদী ভাঙন কবলিত সদর শিবপুর ইউনিয়নের ভোলারখাল এলাকা পরিদর্শন করেন। আগামী একনেক সভায় ওই এলাকা ভাঙন রোধে সরকারি বরাদ্দ পাওয়ার আশাব্যক্ত করেন তিনি।
খাল খনন কর্মসূচি পরিদর্শনকালে স্থানীয়দের ডেকে খাল খনন কর্মসূচি সম্পর্কে তাদের মতামত জানতে চান এমপি পার্থ। এ সময় এমপিকে কাছে পেয়ে স্থানীয়রা খাল খননে অনিময়ের অভিযোগ দেন। তারা বলেন, খাল খননের নামে শুধু দুপাশের মাটি তোলা হয়েছে, মাঝখানে খনন করা হয়নি।
পরে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রকল্প প্রনয়ণ বাস্তবায়ন কর্মকর্তাকে কাজের শতভাগ স্বচ্ছতার আওতায় এনে কাজের বিল পরিশোধের নির্দেশ দেন। এছাড়া খাল খনন কর্মসূচিতে যেকোনো অনিয়ম হলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান পার্থ।